Infrastructure
কামারাজার বন্দর সম্প্রসারণ
प्रविष्टि तिथि:
28 NOV 2026 13:52 PM
ভারতের কনটেনার পরিকাঠামোকে বলিয়ান করার এক অভিনব উদ্যোগ
নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৬
ভারতে কনটেনার পরিবহণ: বন্দরের ধারণক্ষমতা বৃদ্ধির ক্রমবর্ধমান চাহিদা
আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সামুদ্রিক পরিবহণ ব্যবস্থা। দেশের মোট পণ্য বাণিজ্যের প্রায় ৯৫ শতাংশই পরিমাণ এবং প্রায় ৭০ শতাংশ মূল্যের নিরিখে সামুদ্রিক পথে সম্পন্ন হয়। বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও বেশি পণ্য ওঠানো-নামানোর উপযোগী করে বন্দরের ধারণক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
২০১৯-২০ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ভারতের বন্দরগুলিতে কনটেনার পরিবহণের বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধির হার (CAGR) ছিল ৬.৯ শতাংশ। এই সময়ে পরিবহণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ কোটি ৫৭ লক্ষ TEU-তে। TEU বা Twenty-foot Equivalent Unit হল কনটেনার পরিবহণের ধারণক্ষমতা পরিমাপের একটি প্রমিত একক। একটি ২০ ফুট দীর্ঘ পণ্যবাহী কনটেনারকে এক TEU হিসেবে ধরা হয়। ২০৩০ অর্থবর্ষের মধ্যে ভারতে কনটেনার পরিবহণের পরিমাণ প্রায় ৪ কোটি TEU-তে পৌঁছাবে বলে অনুমান।
২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ভারতের প্রধান বন্দরগুলির বার্ষিক পণ্য ওঠানো-নামানোর ক্ষমতা ৮৭ কোটি ৩০ লক্ষ টন থেকে বেড়ে ১৭২ কোটি ৮০ লক্ষ টনে পৌঁছেছে। ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ২৫ নভেম্বর তামিলনাড়ুর কামারাজার পোর্ট লিমিটেডে দ্বিতীয় কনটেনার টার্মিনাল নির্মাণের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ২০ লক্ষ TEU পণ্য ওঠানো-নামানোর ক্ষমতা তৈরি হবে।
কামারাজার বন্দর: বিদ্যমান পরিকাঠামোর আরও সম্প্রসারণ
চেন্নাই-এর প্রায় ২৪ কিলোমিটার উত্তরে অবস্থিত কামারাজার বন্দর তামিলনাড়ুর শিল্পাঞ্চলের সঙ্গে সামুদ্রিক বাণিজ্য যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পূর্বে এনোর পোর্ট লিমিটেড নামে পরিচিত কামারাজার পোর্ট লিমিটেড (KPL) ভারতের ১২টি প্রধান বন্দরের অন্যতম। এই বন্দরের মাধ্যমে কয়লা, পেট্রোলিয়ামজাত পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG), কনটেনার, গাড়ি এবং সাধারণ পণ্য পরিবহণ করা হয়।
কামারাজার বন্দরের প্রথম কনটেনার টার্মিনালে ২০১৮ সালের মার্চ মাসে বাণিজ্যিক কাজ শুরু হয়। বছরে ৮ লক্ষ TEU পণ্য ওঠানো-নামানোর ক্ষমতা রয়েছে এই টার্মিনালের।
২০২৫-২৬ অর্থবর্ষে এই টার্মিনালে প্রায় ৭ লক্ষ TEU পণ্য ওঠানো-নামানো হয়েছে। অর্থাৎ, মোট ধারণক্ষমতার প্রায় ৮৮ শতাংশ ব্যবহৃত হয়েছে। গত পাঁচ বছরে বন্দরে কনটেনার পরিবহণের পরিমাণ বার্ষিক প্রায় ৯.৯ শতাংশ হারে বেড়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষে কামারাজার পোর্ট লিমিটেডের (KPL) রাজস্বের পরিমাণ ছিল প্রায় ১,২৮০ কোটি টাকা। কর দেওয়ার আগের মুনাফা ছিল ৯২৪ কোটি টাকা। গত পাঁচ বছরে বন্দরের মোট পণ্য পরিবহণের বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধির হার ছিল ১৩.৬৪ শতাংশ। বন্দরের কার্যকলাপের ধারাবাহিক বৃদ্ধির ইঙ্গিত দেয় এই পরিসংখ্যান।
নৌ-চলাচলের জন্য আরও গভীর জলপথ তৈরি করে বন্দরটি সামুদ্রিক পরিকাঠামো শক্তিশালী করেছে। ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে ক্যাপিটাল ড্রেজিং-এর ষষ্ঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এর ফলে, বন্দরে ১৮ মিটার অপারেশনাল ড্রাফট নিশ্চিত হয়েছে। অর্থাৎ, জাহাজের নির্ধারিত লোড লাইন পর্যন্ত জাহাজের নিমজ্জিত থাকার জন্য প্রয়োজনীয় জলগভীরতা এখন ১৮ মিটার। এর ফলে, সম্পূর্ণ পণ্যবোঝাই অবস্থায় সর্বোচ্চ ১ লক্ষ ৭০ হাজার ডেডওয়েট টন (DWT) ধারণক্ষমতার ক্যাপসাইজ জাহাজ এই বন্দরে প্রবেশ করতে পারবে। এই সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ভারতের দ্বিতীয় প্রধান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে কামারাজার বন্দর। এর আগে বিশাখাপত্তনম বন্দর এই সক্ষমতা অর্জন করেছিল।
দ্বিতীয় কনটেনার টার্মিনাল: কামারাজার বন্দরের ধারণক্ষমতা বৃদ্ধি
প্রস্তাবিত নতুন টার্মিনাল বছরে অতিরিক্ত ২০ লক্ষ TEU পণ্য ওঠানো-নামানোর ক্ষমতা তৈরি করবে। এর ফলে বন্দরের কনটেনার পরিবহণের সক্ষমতা আরও বাড়বে। মোট ১১১ একর জমির ওপর নির্মিত এই টার্মিনালের দৈর্ঘ্য হবে ৯০০ মিটার। বার্থের প্রস্থ হবে ৩০ মিটার। নকশা অনুযায়ী, ড্রাফ্টের গভীরতা ১৮ মিটার এবং বার্থ বরাবর জলের গভীরতা ২০ মিটার রাখা হবে। সর্বোচ্চ ৪০০ মিটার দীর্ঘ এবং ২৪,৩৪৬ TEU ধারণক্ষমতার কনটেনার জাহাজ এই টার্মিনালে ভিড়তে পারবে।
তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শিল্পক্ষেত্র এই টার্মিনালের পরিষেবা পাবে বলে আশা করা হচ্ছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলির মধ্যে রয়েছে চেন্নাই-শ্রীপেরুম্বুদুর-ওরাগাদম, হোসুর, বেঙ্গালুরু, শ্রী সিটি এবং তিরুপতি।
- বিনিয়োগ ও পর্যায়ক্রমিক নির্মাণ: সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেলে ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা এবং হস্তান্তর (DBFOT) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে। GST-সহ প্রকল্পের আনুমানিক ব্যয় ৪,২৮৮.২৬ কোটি টাকা। ড্রেজিং-এর জন্য অতিরিক্ত প্রায় ৪৫০ কোটি টাকা বহন করবে কামারাজার পোর্ট লিমিটেড। দুই পর্যায়ে প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
- বাস্তবায়নের সময়সীমা: প্রকল্পের ছাড়পত্রের মেয়াদ হবে ৪০ বছর। নির্মাণের জন্য নির্ধারিত সময় ৪৮ মাস। ছাড়পত্র চুক্তি স্বাক্ষরের দু’বছরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়ার কথা। বস্তুত, ২৫তম মাসে বাণিজ্যিক কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। চতুর্থ বছরের শেষে দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ হবে। উল্লেখ্য, ৪৯তম মাসে পুরো টার্মিনালটি বাণিজ্যিকভাবে কাজ শুরু করবে।
- কর্মসংস্থান সৃষ্টি: নির্মাণপর্বে প্রকল্পটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭৫০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে অনুমান। টার্মিনালটি চালু হওয়ার পর প্রায় ৮০০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উপসংহার
নতুন টার্মিনালটি ভারতের ক্রমবর্ধমান কনটেনার-ভিত্তিক বাণিজ্য সামলানোর ক্ষেত্রে কামারাজার বন্দরের ভূমিকা আরও শক্তিশালী করবে। আঞ্চলিক শিল্পাঞ্চলগুলির জন্য কনটেনার ওঠানো-নামানোর সুযোগ বাড়বে। এর ফলে, পণ্য পরিবহণ এবং বাণিজ্যিক যোগাযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্প Maritime India Vision 2030-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। বন্দরের ধারণক্ষমতা বৃদ্ধি, আধুনিক পণ্য ওঠানো-নামানোর প্রযুক্তির ব্যবহার এবং বহুমাধ্যমভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পর্যায়ক্রমে প্রকল্পের কাজ সম্পন্ন করার উদ্যোগে বন্দর ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তথ্যসূত্র
Cabinet https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10580_20261125_16131201.pdf
Cabinet Committee on Economic Affairs (CCEA)
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341174®=48&lang=1
Ministry of Ports, Shipping and Waterways
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282243&lang=2®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286971&lang=1®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233239®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341189&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227670&lang=1®=3
https://www.shipmin.gov.in/en/node/138
https://www.kamarajarport.in/about/genesis
https://www.kamarajarport.in/projects
https://www.kamarajarport.in/kpl-images
https://shipmin.gov.in/sites/default/files/Dredging%20Guidelines%20for%20Major%20Ports%202021.pdf
https://shipmin.gov.in/en/content/dredging-guidelines-major-ports2021
https://shipmin.gov.in/sites/default/files/502392410Annex.pdf
United Nations Economic Commission for Europe
https://unece.org/DAM/trans/main/wp6/pdfdocs/Glossary_for_Transport_Statistics_EN.pdf
Kamarajar Port Expansion: Strengthening India’s Container Infrastructure
**
SSS/S Saha.. ....
(तथ्य सामग्री आईडी: 151232)
आगंतुक पटल : 18
Provide suggestions / comments