মানবসম্পদবিকাশমন্ত্রক
শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ইগনু বিশ্বের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে, যাঁরা শিক্ষার সুযোগ পাননি, তাঁদের কাছে পৌঁছতে প্রযুক্তির সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি
প্রকাশিত:
26 APR 2022 3:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) বিশ্বের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে। যাঁরা শিক্ষার সুযোগ পাননি, তাঁদের কাছে পৌঁছতে প্রযুক্তির সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। ইগনুর ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে একথা বলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রান্তিক এবং দরিদ্রতম মানুষের কাছে শিক্ষা গ্রহণের সুযোগ পৌঁছে দিতে ইগনু আজকের দিনে ভগবান হনুমান হিসাবে আবির্ভূত হয়েছে।
শ্রী প্রধান বলেন, একুশ শতক জ্ঞানের শতাব্দী। তিনি জানান, আমরা যদি ভারতকে জ্ঞান-ভিত্তিক অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, তা হলে আমাদের শিক্ষা ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ দেশের শিক্ষা ও দক্ষতার ল্যান্ডস্কেপ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্ত্রী বলেন, প্রযুক্তি এক নতুন দিক উন্মোচন করেছে। অবশ্যই উদ্ভাবনের মাধ্যমে আমাদের জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে, যাঁরা সমাজের নীচের অংশে রয়েছেন ,তাদের কাছে শিক্ষা যাতে নাগালের মধ্যে থাকে, তাও সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং ই-লার্নিং ব্যবস্থা এক্ষেত্রে এমনই এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
শ্রী প্রধান জানান, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও সামগ্রিক, সহানুভূতিশীল ও বসুধৈব কুটুম্বকম্ – এর ভাবনাচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের মঙ্গলে সভ্যতাগত সম্পদ ও ভারতীয় জ্ঞান ব্যবস্থার অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রযুক্তি, উদ্ভাবন, ইন্টারনেট ও ডিজিটালের উপর ভিত্তি করে ইগনু-কে অবশ্যই শিক্ষার আঙ্গিনায় আরও প্রসারিত করতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনে ইগনু-কে ‘জ্ঞানের নবজাগরণ’ – এ নেতৃত্ব দিতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রী ইগনু’র ৩৫তম সমাবর্তনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। সারা দেশে ৩২টি আঞ্চলিক কেন্দ্রের ২.৯১ লক্ষেরও বেশি মেধাবী শিক্ষার্থী, যাঁরা ডিগ্রি, ডিপ্লোমা শংসাপত্র, পিএইচডি/এমফিল এবং স্বর্ণপদক পেয়েছেন, তাঁদের অভিনন্দন জানান।
শিক্ষা ক্ষেত্রের প্রসারে এবং ৩৫ বছরের যাত্রা পথে বিশ্ববিদ্যালয়টিকে একটি ‘জন জন কা বিশ্ববিদ্যালয়’ হিসাবে গড়ে তোলার জন্য ইগনুর শিক্ষক, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীদের প্রশংসা করেন শ্রী প্রধান। তিনি বলেন, ইগনু হ’ল – শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একাধিকবার প্রবেশ ও প্রস্থানের উপযুক্ত উদাহরণ।
CG/SS/SB
(রিলিজ আইডি: 1820215)
ভিজিটরের কাউন্টার : 141