খনিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় কয়লা এবং খনিজ মন্ত্রী জিএসআই-এর আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করছেন

জয়পুরে অনুষ্ঠিত হবে ১৭৫ বর্ষপূর্তি উপলক্ষে জিএসআই'র আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিত: 18 NOV 2025 11:51PM by PIB Kolkata

কলকাতা, ১৮ নভেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় খনিজ মন্ত্রকের ভারতীয় ভূতত্ত্ব জরিপ দপ্তর বা জিএসআই-এর ১৭৫ বছরের দীর্ঘ সেবাযাত্রা উদযাপন করতে ২০-২১ নভেম্বর, ২০২৫ এ জয়পুরে “অতীতের অনুসন্ধান, ভবিষ্যতের নির্মাণঃ জিএসআই'-এর ১৭৫ বছর” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী শ্রী জি কিষেন রেড্ডি। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় খনিজ মন্ত্রকের সচিব শ্রী পীযূষ গয়াল এবং রাজস্থান সরকারের খনিজ ও পেট্রোলিয়াম বিভাগের প্রধান সচিব শ্রী টি রবিকান্ত।

সেমিনারের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন জিএসআই এর মহাপরিচালক শ্রী অসিত সাহা এবং অতিরিক্ত মহাপরিচালক ও পশ্চিম অঞ্চলের প্রধান এবং সেমিনারের চেয়ারম্যান শ্রী বিজয় ভি মুগল। দেশ বিদেশের উর্ধতন কতৃপক্ষ, ভূতত্ত্ববিদ এবং প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

১৮৫১ সালে প্রতিষ্ঠিত জিএসআই ভূতাত্ত্বিক মানচিত্র নির্মাণ, খনিজ অনুসন্ধান, গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ শনাক্তকরণ, বিপদ সংক্রান্ত সমীক্ষা এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যে ভূতাত্ত্বিক গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্তর্জাতিক সেমিনারে উদীয়মান কাঠিন্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ ভূবিজ্ঞান গবেষণার দিক নির্ধারণে বিশেষজ্ঞরা একত্রিত হবেন।

দুই দিনের প্রযুক্তিগত কর্মসূচিতে থাকছে নটি প্লেনারি ভাষণ, ১৯-টি বিশেষ ভাষণ এবং ১১-টি থিম-ভিত্তিক ক্ষেত্রে ৩০০-টিরও বেশি বৈজ্ঞানিক ও পোস্টার উপস্থাপনা। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (বিজিএস), মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস), জিওসায়েন্স অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের বিশিষ্ট বিজ্ঞানীরা বক্তৃতা দেবেন।

সেমিনারের পাশাপাশি, শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থাগুলির আধুনিক প্রযুক্তি জিআইএস ভিত্তিক উপকরণ এবং উদ্ভাবনী সমাধানের প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। আগামীতে ভূবিজ্ঞান গবেষণা ও সক্ষমতা গঠনে সহযোগিতা আরও বাড়াতে আইআইটি বম্বে এবং আইআইটি খড়্গপুরের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করা হবে।

আন্তর্জাতিক এই সেমিনার জিএসআই এর ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কৃতিত্ব। এটি বৈজ্ঞানিক উৎকর্ষ, সুস্থায়ী সম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের প্রতি জিএসআই'-এর প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে।


*****

SSS/RS/18.11.25.....


(রিলিজ আইডি: 2191191) ভিজিটরের কাউন্টার : 17
এই রিলিজটি পড়তে পারেন: English