প্রকাশিত:
15 FEB 2026 2:40PM by PIB Kolkata
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
শান্তিনিকেতনে ২৫তম ভারত রং মহোৎসব ২০২৬-এর পর্বে ঐতিহাসিক উত্তরায়ণ প্রাঙ্গণে মঞ্চস্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটির পূজা’। সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত এই আন্তর্জাতিক নাট্য উৎসব বিশ্বের বৃহত্তম থিয়েটার উৎসব হিসেবে স্বীকৃত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ড. প্রবীর কুমার ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের অধিকর্তা আশীষ কুমার গিরি, শিল্প সমালোচক তপতী চৌধুরী, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, এসপিক ম্যাকের আহ্বায়ক অমল মুখোপাধ্যায় এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা, সিকিম কেন্দ্রের নির্দেশক সৌতি চক্রবর্তী।
বিশ্বভারতীর সঙ্গীত ভবনের সহযোগিতায় প্রযোজনাটি উপস্থাপিত হয়। বিশ্বভারতী, শান্তিনিকেতনের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। নির্দেশনায় ছিলেন অমর্ত্য মুখোপাধ্যায়। নাটকটি বাংলায় মঞ্চস্থ হয়েছে।
ভারতের নাট্য বৈচিত্র্য উদযাপনের লক্ষ্য নিয়ে ভারত রং মহোৎসব ২০২৬-এ শিশুদের দল, আদিবাসী সম্প্রদায় এবং প্রান্তিক শিল্পীদের পরিবেশনাও অন্তর্ভুক্ত হয়েছে। অন্তর্ভুক্তির নীতি ও নাট্যচর্চার প্রসারে ন্যাশনাল স্কুল অব ড্রামার অঙ্গীকার এই উদ্যোগে প্রতিফলিত হয়েছে।
ভারত ও বিদেশের বিভিন্ন নাট্যদল ও শিল্পীদের একত্রিত করে সাংস্কৃতিক সংলাপ ও শিল্প সহযোগিতার ক্ষেত্র তৈরি করছে ভারত রং মহোৎসব ২০২৬।



**
MSA/SS