পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
ডিজেলের কালোবাজারি ও মজুতদারি রুখতে সরকারের নির্দেশিকা জারি
پوسٹ کرنے کی تاریخ:
12 JUN 2026 2:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুন ২০২৬
অসাধু চক্রের মাধ্যমে ডিজেলের মজুত ও কালোবাজারি রোধ করার লক্ষ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক "মোটর স্পিরিট এবং হাই-স্পিড ডিজেল (খুচরো বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সরবরাহ সংক্রান্ত সাময়িক নিয়ন্ত্রণ) আদেশ, ২০২৬" জারি করেছে।
এই বিধিগুলি হল, সাময়িক পদক্ষেপ, যা প্রাথমিকভাবে ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং এর উদ্দেশ্য হল, সব খুচরো গ্রাহকের জন্য ডিজেলের প্রাপ্যতা সুনিশ্চিত করা।
বর্তমানে কিছু খুচরো বিক্রয়কেন্দ্রে ডিজেলের চাহিদায় অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
শিল্পপ্রতিষ্ঠান এবং প্রত্যক্ষ বা প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক গ্রাহকরা, যাঁরা আগে নিজস্ব বা নির্ধারিত পাম্প থেকে ডিজেল সংগ্রহ করতেন, তাঁরা এখন খুচরো বিক্রয়কেন্দ্র থেকে ডিজেল কিনছেন। এর মূল কারণ হল, ডিজেলের পাইকারি ও খুচরো মূল্যের মধ্যে পার্থক্য। এছাড়া আরেকটি কারণ হলো, বেসরকারি তেল বিপণনকারী কোম্পানিগুলি ডিজেলের দাম বেশি নির্ধারণ করায়, মে ২০২৬-এ তাদের বিক্রির পরিমাণ প্রায় ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের মে মাসের তথ্যে দেখা যায় যে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির খুচরো বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ডিজেল বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে; এক্ষেত্রে ৩২৭টি জেলায় ১০ শতাংশেরও বেশি এবং ৮০টি জেলায় ৩০ শতাংশেরও বেশি বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
নতুন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলি মূলত খুচরো বিক্রয়কেন্দ্রে সরবরাহজনিত অনিয়মিত সমস্যার কারণে সাধারণ ক্রেতাদের যাতে কোনও অসুবিধার মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। এইসব পদক্ষেপের ফলে নাগরিকদের ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না; কারণ গাড়ি বা দু-চাকার যানবাহন চালনাকারী সাধারণ মানুষের জন্য ২০০ লিটারের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে, তা যে কোনও ব্যক্তিগত যানবাহনের প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
এই আদেশের ফলে ডিজেলের কালোবাজারি ও মজুতদারির সঙ্গে যুক্ত ক্রেতা বা অপারেটর, ডিলার এবং আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
পশ্চিম এশিয়ায় চলতে থাকা অস্থিরতার সময় খুচরো গ্রাহকদের সুরক্ষার লক্ষ্যে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি বর্তমানে পেট্রোল, ডিজেল ও গৃহস্থালির কাজে ব্যবহৃত এলপিজি বিক্রির ক্ষেত্রে প্রতিদিন প্রায় ৫০০ কোটি টাকার লোকসান বহন করছে। মূল্য সহায়তার এই বিশেষ ব্যবস্থার উদ্দেশ্য হল, খুচরো গ্রাহকদের সুরক্ষা দেওয়া এবং পরিবার, কৃষক ও অন্যান্য প্রান্তিক ব্যবহারকারীদের জন্য জ্বালানির দাম নাগালের মধ্যে রাখা। শিল্প ও পাইকারি সরবরাহের ক্ষেত্রে এই সহায়তা প্রযোজ্য নয়; সেখানে দাম আন্তর্জাতিক বাজারের দরের সাথেই সামঞ্জস্যপূর্ণ রাখা হয়। এর ফলে, পাইকারি দরের তুলনায় খুচরো বাজারে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৪০ টাকা কম।
এই আদেশের পরিপ্রেক্ষিতে, এখন সরকারি তেল বিপণনকারী সংস্থা, যেমন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের উদ্দেশে নিম্নলিখিত বিষয়গুলি সুনিশ্চিত করতে নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার:
খুচরো বিক্রয়কেন্দ্রগুলি শুধুমাত্র যানবাহনের ট্যাঙ্কে অথবা PESO-অনুমোদিত পাত্রেই ডিজেল সরবরাহ করবে; এক্ষেত্রে প্রতি গ্রাহক বা যানবাহনের জন্য দৈনিক সর্বোচ্চ ২০০ লিটার সীমা প্রযোজ্য হবে। খুচরো বিক্রয়কেন্দ্র থেকে কেনা ডিজেল পুনরায় বিক্রি করা যাবে না।
শিল্প, প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরা বিক্রয়কেন্দ্র থেকে জ্বালানি সংগ্রহ করা নিষিদ্ধ; তাদের প্রয়োজনীয় জ্বালানি অবশ্যই 'কনজিউমার পাম্প'-এর মাধ্যমে সংগ্রহ করতে হবে।
নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা সুনিশ্চিত করা এবং এই আদেশের বিধানগুলি এড়ানোর যাওয়ার যে কোনও প্রচেষ্টা রোধ করার দায়িত্ব সংশ্লিষ্ট তেল বিপণনকারী সংস্থা এবং খুচরো বিক্রয়কেন্দ্রের ডিলারদের ওপর বর্তাবে।
সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে কালোবাজারি বা অননুমোদিতভাবে জ্বালানি সরিয়ে ফেলার মতো যে কোনও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশ অমান্য করলে 'অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৫' এবং অন্যান্য প্রযোজ্য আইনের বিধান অনুযায়ী জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটি কোনও রেশনিং ব্যবস্থা নয় এবং দেশে পেট্রোল বা ডিজেলের কোনও ঘাটতি নেই। পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম শোধনকারী এবং রপ্তানির ক্ষেত্রে পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। সময়োপযোগী ও অগ্রিম পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে, উপভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এবং জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
SC/MP/NS…
(ریلیز آئی ڈی: 2272222)
وزیٹر کاؤنٹر : 8