খনিমন্ত্রক
পরিচ্ছন্নতা ও পরিবেশগত দায়বদ্ধতা বাড়াতে পরিচ্ছন্নতা সংক্রান্ত একাধিক উদ্যোগ গ্রহণ করল জিএসআই-এর পূর্বাঞ্চলীয় রাজ্য কার্যালয়
প্রকাশিত:
01 OCT 2026 7:07PM by PIB Kolkata
কলকাতা, অক্টোবর ১, ২০২৬:
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-র কলকাতাস্থিত পূর্বাঞ্চলীয় কার্যালয়, তাদের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার প্রচারে আজ পরিচ্ছন্নতা সংক্রান্ত ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে। এই কার্যক্রমগুলির উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্র এবং বৃহত্তর সমাজে সুস্থায়ী অনুশীলনকে উৎসাহিত করার পাশাপাশি, পরিচ্ছন্নতা ও যৌথ দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে তোলা।
এই উদ্যোগের অংশ হিসাবে পরিচ্ছন্নতা অভিযান, শ্রমদান, কার্যালয় প্রাঙ্গণ পরিষ্কার ও সৌন্দর্য্যায়ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি, বর্জ্য নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম এবং সাফাই মিত্রদের সংবর্ধনা ও স্বাস্থ্য পরীক্ষা-সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মকর্তা ও কর্মীরা একটি পরিচ্ছন্ন, সুস্থ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র বজায় রাখার প্রতি তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সক্রিয়ভাবে এই সমস্ত কার্যক্রমে অংশ নেন।
কার্যালয় প্রাঙ্গণ, গবেষণাগার এবং সাধারণ স্থানগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার প্রসার এবং একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। একটি পরিচ্ছন্ন ও সবুজ কর্মক্ষেত্র তৈরিতে অবদান রাখতে বৃক্ষরোপণ উদ্যোগ এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমও গ্রহণ করা হয়।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জিএসআই পূর্বাঞ্চলীয় বিভাগের অতিরিক্ত মহানির্দেশক তথা বিভাগীয় প্রধান শ্রী ললিত মোহন সিং মাউরা পরিচ্ছন্নতা সংক্রান্ত এই উদ্যোগে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কেবল নির্দিষ্ট পর্যায়ক্রমিক অভিযানে সীমিত না রেখে দৈনন্দিন জীবন ও কর্মসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।
পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসাবে, জিএসআই-এর পূর্বাঞ্চলীয় কার্যালয় একটি ই-বর্জ্য সংগ্রহ অভিযানেরও আয়োজন করে, যেটি নাগরিকদের পরিত্যাক্ত বৈদ্যুতিন সরঞ্জাম, জিনিসপত্র দায়িত্বের সঙ্গে নিষ্কাশন করতে উৎসাহিত করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ই-বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশের জন্য পরিবেশবান্ধব অভ্যাসকে উৎসাহিত করা।
"স্বচ্ছ পাঠশালা – স্বচ্ছতা জ্ঞান যাত্রা" অভিযানের অধীনে অপর একটি উদ্যোগে, জিএসআই পূর্বাঞ্চলীয় বিভাগের এসইউ: পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের একটি দল, ডেপুটি ডিরেক্টর জেনারেল ডঃ শান্তনু ভট্টাচার্যর নেতৃত্বে এজি প্রাইমারি স্কুল, বৈশাখী পরিদর্শন করে। জিএসআই পূর্বাঞ্চলীয় কার্যালয়ের সাফাই মিত্রদের সহযোগিতায় এই উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টাকে জোরদার করার ওপর জোর দেয়।
পরিচ্ছন্নতা সংক্রান্ত এই উদ্যোগগুলি কেবল কর্মক্ষেত্রে নয়, বাড়ি, বিদ্যালয় এবং সাধারণ স্থানগুলিতেও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কর্মচারী এবং সাধারণ মানুষকে সচেতন করার সুযোগ করে দিয়েছে। এই কার্যক্রমগুলি এই বার্তাকেই শক্তিশালী করে যে, পরিচ্ছন্নতা একটি ধারাবাহিক যৌথ দায়িত্ব, যার জন্য প্রতিটি ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা প্রয়োজন।




*****************
SSS/PK/Kol/1.10.26
(রিলিজ আইডি: 2317927)
ভিজিটরের কাউন্টার : 75