যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে নেশামুক্ত যুবসমাজের আহ্বানে কৈলাসহরে ৪ অক্টোবর সচেতনতামূলক পদযাত্রা
পোস্ট করার দিনক্ষণ:
03 OCT 2026 9:10PM by PIB Agartala
আগরতলা, ৩ অক্টোবর, ২০২৬: "নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত - ১০০ সপ্তাহ" প্রচার অভিযানের অঙ্গ হিসাবে সুস্থ, সচেতন ও নেশামুক্ত যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামী ৪ অক্টোবর কৈলাসহরে আয়োজিত হবে রাজ্যস্তরের সচেতনতামূলক পদযাত্রা ‘ওয়াক ফর নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত’। ৪ অক্টোবর সকাল ১১টায় উনকোটি জেলার কৈলাসহরে শুরু হবে এই কর্মসূচি।
শ্রীরামপুর ট্রাই জংশন'এর সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় হয়ে উনকোটি কলাক্ষেত্রে পৌঁছাবে। পদযাত্রায় বিপুল সংখ্যক যুবক-যুবতী, মাই ভারত-এর স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের কথা রয়েছে। মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে যুবসমাজকে সচেতন করা এবং সুস্থ ও নেশামুক্ত জীবনযাপনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, পুলিশ সুপার ঋষভ, যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের সহকারী অধিকর্তা অমিত যাদব, সমাজশিক্ষার জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শ্রীসেন্দু চাকমা এবং জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা-সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগণ।
এই উদ্যোগের মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হবে। পাশাপাশি সুস্থ জীবনযাপন, নেশামুক্ত সমাজ গঠন এবং দেশের অগ্রগতিতে যুবসমাজের সক্রিয় ভূমিকার বার্তাও তুলে ধরা হবে। একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত যুবসমাজই বিকশিত ভারত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি- এই ভাবনাকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে এই পদযাত্রা। মেরা যুব ভারত (মাই ভারত), ত্রিপুরার উদ্যোগে এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2319013)
ভিজিটরদের কাউন্টার : 12