প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

আগরতলায় শুরু ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ র‌্যালি - ২০২৬

পোস্ট করার দিনক্ষণ: 13 OCT 2026 5:08PM by PIB Agartala

আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৬: দেশসেবার প্রতি গভীর নিষ্ঠা ও দেশাত্মবোধের পরিচয় দিয়ে আজ আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ র‌্যালি - ২০২৬।

সেনাবাহিনীর স্পিয়ার কোর এবং আর্মি রিক্রুটিং অফিস (এ.আর.ও), শিলচরের তত্ত্বাবধানে আয়োজিত পাঁচদিনব্যাপী এই নিয়োগ র‌্যালি চলবে  ১৭ অক্টোবর পর্যন্ত।

চলতি বছরের নিয়োগ প্রক্রিয়ায় এই অঞ্চলের প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। আগের নিয়োগ পর্বগুলির তুলনায় এবার প্রার্থীদের নিবন্ধনের সংখ্যা ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরার সমস্ত জেলার যুবসমাজের মধ্যে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ বৃদ্ধির প্রতিফলন ঘটেছে এই পরিসংখ্যানে।

আজ ভোরে ১.৬ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে নিয়োগ র‌্যালির প্রথম পর্যায় শুরু হয়। প্রথম পর্বে মোট ৩৩৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করা প্রার্থীরা পরবর্তী ধাপের শারীরিক সক্ষমতা পরীক্ষা (পি.এফ.টি), শারীরিক মাপজোক পরীক্ষা (পিএমটি), নথিপত্র যাচাই এবং প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

 

নিয়োগ প্রক্রিয়াকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পাঁচ দিনের এই নিয়োগ র‌্যালি দুটি পৃথক পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে, অর্থাৎ ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত, প্রতিদিনের নির্ধারিত প্রার্থীদের দৌড়, শারীরিক মাপজোক, নথিপত্র যাচাই এবং প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে, ১৬ ও ১৭ অক্টোবর  প্রার্থীদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়োগ-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিয়োগ র‌্যালি সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে  প্রশাসন ও ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোরের যৌথ উদ্যোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে প্রার্থীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট স্থান, জরুরি চিকিৎসা পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা এবং সুসংগঠিত নিবন্ধন কাউন্টার রাখা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীদের সুবিধার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিয়োগ র‌্যালির প্রথম দিনের প্রার্থীদের শৃঙ্খলাবোধের প্রশংসা করেছেন সেনাবাহিনীর আধিকারিকরা। পাশাপাশি, নিয়োগ র‌্যালির  বাকি দিনগুলিতে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন।

*****

PS/PKS/KMD
 


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2323073) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English