PIB Backgrounder
azadi ka amrit mahotsav

লাখপতি দিদি উদ্যোগ

পরিবারের আয় বৃদ্ধি থেকে মহিলাদের নেতৃত্বাধীন গ্রামীণ উদ্যোগপতিত্ব

প্রকাশিত: 15 NOV 2026 12:07PM by PIB Kolkata

১৫ নভেম্বর, ২০২৬

 


লাখপতি দিদি উদ্যোগের মাধ্যমে মহিলাদের উদ্যোগপতিত্ব এবং জীবিকার বহুমুখীকরণের মধ্য দিয়ে পরিবারের সুস্থায়ী আয় বৃদ্ধিতে উৎসাহ দেওয়া হয়। DAY-NRLM-এর অধীনে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠী (SHG) নেটওয়ার্ককে কাজে লাগিয়ে গ্রামীণ মহিলাদের আর্থিক পরিষেবা, দক্ষতা অর্জন এবং বাজারের সুযোগ প্রদান করা হয়। এই উদ্যোগের বাস্তবায়নে নীতি পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণের ক্ষেত্রে পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই উদ্যোগের মাধ্যমে ৩.৭৬ কোটি মহিলাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলা হয়েছে। ২০২৯ সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা ৬ কোটিতে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আইআইএম আহমেদাবাদের এক স্বাধীন মূল্যায়নে জানানো হয়েছে, লাখপতি দিদি পরিবারের গড় মাসিক পারিবারিক আয় ৬১ শতাংশ এবং গড় মাসিক সঞ্চয় ৬১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জীবনধারণের স্তর থেকে সুস্থায়ী জীবিকার পথে
লাখপতি দিদি উদ্যোগ হল গ্রামীণ ভারতে মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণ শক্তিশালী করার একটি প্রধান উদ্যোগ। সুস্থায়ী জীবিকার সুযোগ এবং উদ্যোগের বিকাশের মাধ্যমে পরিবারের আয় বাড়ানোই এর লক্ষ্য। সরকার ২০২৩ সালের ১৫ আগস্ট এই উদ্যোগের কথা ঘোষণা করে। প্রাথমিকভাবে স্বনির্ভর গোষ্ঠী (SHG)-ভুক্ত পরিবারের দুই কোটি মহিলাকে এই উদ্যোগের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। পরবর্তীকালে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে তিন কোটি করা হয়। ২০২৯ সালের মার্চ মাসের মধ্যে ছয় কোটি লাখপতি দিদি গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্যমাত্রার পরিকল্পনা করা হয়।
লাখপতি দিদি হলেন এমন একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, যাঁর পরিবারের বার্ষিক আয় অন্তত ১ লক্ষ টাকা। এই মাপকাঠির ক্ষেত্রে ব্যক্তিগত আয়ের পরিবর্তে পরিবারের মোট আয় বিবেচনা করা হয়। নির্ধারিত কৃষি এবং কৃষি-বহির্ভূত কর্মকাণ্ড থেকে প্রাপ্ত আয় এই লক্ষ্যমাত্রা পূরণে গণ্য হয়। ব্যয় বাদ দেওয়ার পর আয়ের হিসাব করা হয় এবং কৃষি মরশুম বা ব্যবসায়িক চক্র জুড়েই সেই আয় সুস্থায়ী হতে হবে।
এই উদ্যোগ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM)-এর প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গ্রামীণ মহিলাদের শুধুমাত্র জীবনধারণের জন্য পরিচালিত কর্মকাণ্ডের গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যেতে সহায়তা করাই এর লক্ষ্য। এই উদ্যোগে জীবিকার বহুমুখীকরণ, আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা বিকাশ এবং উদ্যোগের জন্য সহায়তা—এই বিষয়গুলির সমন্বয় ঘটানো হয়েছে।
৩.৭৬ কোটি গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা লাখপতি দিদি হিসেবে গড়ে উঠেছেন
২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩.৭৬ কোটি গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলা হয়েছে এবং ৫.৭০ কোটি মহিলাকে সম্ভাব্য লাখপতি দিদি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইআইএম আহমেদাবাদের পক্ষ থেকে লাখপতি দিদি উদ্যোগের উপর পরিচালিত এক স্বাধীন মূল্যায়নে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬,৫৩১ জন উত্তরদাতাকে অন্তর্ভুক্ত করা হয়। এই মূল্যায়নে পরিবারগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতির কথা জানানো হয়েছে। পরিবারের গড় মাসিক আয় ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গড় মাসিক সঞ্চয় বেড়েছে ৬১.৭ শতাংশ।
প্রাতিষ্ঠানিক ভিত্তি: DAY-NRLM এবং স্বনির্ভর গোষ্ঠী নেটওয়ার্ক
লাখপতি দিদি উদ্যোগটি DAY-NRLM-এর মাধ্যমে পরিচালিত হয়। সরকার ২০১১ সালের জুন মাসে DAY-NRLM চালু করে। এই মিশনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র পরিবারের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত করা হয়। এই গোষ্ঠীগুলি নিয়মিত সঞ্চয় এবং সম্মিলিত আর্থিক কর্মকাণ্ডে উৎসাহ জোগায়। পাশাপাশি, সদস্যদের ব্যাঙ্ক, ঋণ, প্রশিক্ষণ এবং বাজারের সঙ্গে সংযুক্ত করে। ২০২৬ সালের ১২ নভেম্বর পর্যন্ত DAY-NRLM-এর মাধ্যমে প্রায় ১০.১৩ কোটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে ৯৪.৪০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর আওতায় সংগঠিত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলি একটি বৃহত্তর প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কাজ করে। গ্রাম সংগঠন এবং ক্লাস্টার স্তরের ফেডারেশনগুলি এই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে। এই প্রাতিষ্ঠানিক ভিত্তিই লাখপতি দিদি উদ্যোগ বাস্তবায়নের কার্যকর মাধ্যম হিসেবে কাজ করেছে। এর ফলে পৃথক কোনও কাঠামো গড়ে তোলার পরিবর্তে সরকার বিদ্যমান সম্প্রদায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগাতে পেরেছে।
উদ্যোগের বিবর্তন ও সম্প্রসারণ
নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবায়নমূলক পদক্ষেপের ধারাবাহিকতার মধ্য দিয়ে এই উদ্যোগের বিবর্তন ঘটেছে। ২০২১ সালে সরকার রাজ্যগুলিকে স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সদস্যদের পরিবারগুলির মধ্যে সুস্থায়ী জীবিকার প্রসার এবং কৃষি ও অকৃষি—উভয় ক্ষেত্রেই জীবিকার বৈচিত্র্য আনার পরামর্শ দেয়। ২০২৩ সালের আগস্টে সরকার গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর দুই কোটি মহিলাকে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এই লক্ষ্য অর্জনের জন্য গ্রামীণ স্তরের প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কমিউনিটি ক্যাডারদের জন্য সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে। প্রায় ৫.৫ লক্ষ ব্যক্তি ১৫ ঘণ্টা ধরে পরিচালিত ১২টি মডিউলের এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটে লাখপতি দিদির জাতীয় লক্ষ্যমাত্রা বাড়িয়ে তিন কোটি করা হয়। এই সময়েই লাখপতি দিদি পোর্টাল চালু করা হয়। ২০২৪ সালের মে মাসে ডিজিটাল আজীবিকা রেজিস্টার প্রতিটি পরিবারের জীবিকা ও আয়ের তথ্য নথিভুক্ত করার কাজ শুরু করে। এই প্রক্রিয়ায় লোকওএস (LokOS) প্ল্যাটফর্মে মহিলাদের ‘সম্ভাব্য লাখপতি দিদি’ হিসেবে চিহ্নিত করা হয়। প্রশিক্ষিত কমিউনিটি রিসোর্স পার্সনস (CRPs) প্রতিটি পরিবারের জন্য পৃথক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেন। এরপর দক্ষতা, অর্থায়ন, জীবিকার উপকরণ এবং বাজারের সুযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবারগুলিকে সমন্বিত সহায়তা প্রদান করা হয়। জাতীয় ও রাজ্য মিশনগুলি একই রেজিস্টারের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করে। ২০২৪ সালের আগস্টের মধ্যে এক কোটি মহিলা লাখপতি দিদির মর্যাদা অর্জন করেন।
২০২৫ সালের জুলাই মাসে আরও কিছু ডিজিটাল উদ্যোগ চালু করা হয়। এর মধ্যে ছিল দিদি বিজনেস প্ল্যান টুল এবং সিআরপিদের জন্য একটি আর্থিক সাক্ষরতা বিষয়ক অ্যাপ্লিকেশন। ২০২৫ সালের আগস্টে লাখপতি দিদি হিসেবে গড়ে তোলা মহিলার সংখ্যা বেড়ে দুই কোটি হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সময়ের আগেই এই উদ্যোগের তিন কোটি লক্ষ্যমাত্রা অর্জিত হয়। পরবর্তীকালে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে ছয় কোটি লাখপতি দিদি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় লক্ষ্যমাত্রা সংশোধন করে।
চিহ্নিতকরণ ও বাস্তবায়ন কাঠামো
এই উদ্যোগে সম্প্রদায়ের নেতৃত্বাধীন চিহ্নিতকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়। সামাজিক ও অর্থনৈতিক- বিভিন্ন শ্রেণির স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। আলোচনার মাধ্যমে সম্ভাব্য লাখপতি দিদিদের চিহ্নিত করা হয়। এই প্রক্রিয়ায় সহায়তা করেন প্রশিক্ষিত কমিউনিটি রিসোর্স পার্সনস (CRPs)। তাঁরা পরিবারের জীবিকার পরিস্থিতি মূল্যায়ন করেন এবং মহিলাদের অতিরিক্ত আয়ের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করেন। বাস্তবায়ন কাঠামোটি কয়েকটি পর্যায়ে বিভক্ত:
চিহ্নিতকরণ: স্বনির্ভর গোষ্ঠীর নেটওয়ার্ক এবং লোকওএস (LokOS) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য উপভোক্তাদের চিহ্নিত করা হয়।
আয় মূল্যায়ন: পরিবারের জীবিকা, আয় ও ব্যয়ের বিবরণ নথিভুক্ত করা হয়। ডিজিটাল আজীবিকা রেজিস্টার একটি অভিন্ন পর্যবেক্ষণ কাঠামো প্রদান করে।
উদ্যোগের পরিকল্পনা: সিআরপিরা পৃথক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেন। সাধারণ চাহিদা এবং বিভিন্ন ক্ষেত্রের সম্ভাবনা চিহ্নিত করতে এই পরিকল্পনাগুলিকে একত্রিত করা হয়।
বাস্তবায়নে সহায়তা: মহিলারা তিন বছর ধরে সমন্বিত সহায়তা পান। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, অর্থায়ন, জীবিকার উপকরণ এবং বাজারে প্রবেশের সুযোগ।
পর্যবেক্ষণ: জাতীয় ও রাজ্য মিশনগুলি ডিজিটাল নথির মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা করে। রাজ্য মিশনগুলি রিপোর্ট করা সাফল্যের তথ্য যাচাইও করে।
এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবারভিত্তিক পরিকল্পনার সঙ্গে প্রাতিষ্ঠানিক সহায়তার সংযোগ স্থাপন করা হয়। এর ফলে স্থানীয় জীবিকার চাহিদা অনুযায়ী বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করাও সম্ভব হয়।
নেতৃত্বের বাস্তবায়ন: কৌশলগত পরিকল্পনা থেকে রূপায়ণ
এই উদ্যোগের বাস্তবায়নে নীতিগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে একটি পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
২১ অক্টোবর ২০২১ তারিখে সরকার রাজ্যগুলির উদ্দেশে একটি পরামর্শ জারি করার মাধ্যমে এই উদ্যোগের প্রাথমিক কাজ শুরু করে। এর মাধ্যমে ডে-এওয়াই-এনআরএলএম (DAY-NRLM)-এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পরিবারগুলির মধ্যে সুস্থায়ী এবং বৈচিত্র্যপূর্ণ কৃষি ও অকৃষি জীবিকার প্রসারে উৎসাহ দেওয়া হয়। ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে সরকার রাজ্যগুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণের অনুরোধ জানায়।
পরবর্তীকালে, ১০ জুন ২০২২ তারিখের একটি নির্দেশের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন-ভিত্তিক পারিবারিক আয় সমীক্ষা চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল পরিবারের আয়ের ঘাটতি চিহ্নিত করা এবং সুনির্দিষ্ট সহায়তামূলক পদক্ষেপের পরিকল্পনা করার জন্য একটি তথ্যভিত্তিক ভিত্তি তৈরি করা।
৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সরকার একটি জাতীয় কনক্লেভের আয়োজন করে, যেখানে রাজ্য মিশন, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলি অংশগ্রহণ করে। সরকার দুই কোটি স্বনির্ভর গোষ্ঠীর লাখপতি দিদি গড়ে তোলার কৌশলগত রূপরেখা প্রকাশ করে। বিদ্যমান ডে-এওয়াই-এনআরএলএম নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই কৌশলে একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি গ্রহণ করা হয়। এই পরিকল্পনায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়েছিল। সুস্থায়ী জীবিকার সুযোগ তৈরি এবং ঋণ পরিশোধের সক্ষমতা বজায় রাখার জন্য অতিরিক্ত ঋণের প্রয়োজনীয়তা; পারিবারিক আয় পরিমাপের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ কাঠামোর প্রয়োজন; রাজ্যগুলির সক্ষমতার পার্থক্য এবং সেই অনুযায়ী স্থানীয় পরিস্থিতিভিত্তিক সহায়তার প্রয়োজন; এবং পরিবারভিত্তিক পরিকল্পনা তৈরির জন্য গ্রামীণ স্তরের প্রতিষ্ঠানগুলির পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। এই বিষয়গুলি ১০ অক্টোবর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। পরবর্তীকালে, গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দেয়। ১৬ অক্টোবর ২০২৩ তারিখে মন্ত্রক বাস্তবায়ন সংক্রান্ত কর্মসূচির নির্দেশিকা জারি করে।
রাজ্যগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে জীবিকার ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত উপক্ষেত্রও চিহ্নিত করা হয়। এর মধ্যে ছিল বাঁশ, মধু, ছাগল পালন, পোলট্রি এবং তসর রেশম।
২০২৪ সালে বিভিন্ন জাতীয় ভাষণ এবং সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এই উদ্যোগের প্রতি নেতৃত্বের ধারাবাহিক মনোযোগ বজায় ছিল। প্রধানমন্ত্রী মন কি বাত এবং অন্যান্য জাতীয় ভাষণে এই উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের, ড্রোন পরিচালকদের এবং উদ্যোগপতিদের সঙ্গেও মতবিনিময় করেন। ২০২৪ সালের জুলাই মাসে একটি পারফরম্যান্স রিভিউ কমিটি-র বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া, ২০২৪-২৫ সালে গুয়াহাটি, শ্রীনগর, জয়পুর, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং রায়পুরে আঞ্চলিক পরামর্শ বৈঠক আয়োজন করা হয়। এই আলোচনাগুলির মাধ্যমে রাজ্য মিশনগুলির সঙ্গে মতবিনিময় এবং উদ্যোগের বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হয়।
২০২৫ সালের জানুয়ারিতে কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে একটি লাখপতি দিদি ট্যাবলো প্রদর্শিত হয়। সরকার ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে পুনঃপ্রশিক্ষণের আয়োজন করে। ২০২৫ সালের মার্চ মাসে কৃষি, পশুপালন এবং এমএসএমই (MSME) দপ্তরগুলির সঙ্গে আলোচনা শুরু করা হয়। এই আলোচনার মূল বিষয় ছিল সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রকল্পের মধ্যে সমন্বয়সাধন। এছাড়া, ২০২৫ সালের অক্টোবর মাসে সরকার একটি লার্নিং পোর্টাল এবং চ্যাটবট চালু করে।
২০২৫-২৬ সালে সরকার তথ্য ব্যবস্থাপনাও আরও শক্তিশালী করে। আয়ের অস্বাভাবিক তথ্য শনাক্ত করার জন্য যাচাইয়ের ব্যবস্থা চালু করা হয়। রাজ্য মিশনগুলিকে তথ্যের অসঙ্গতি দূর করে রিপোর্ট করা পরিসংখ্যানের সত্যতা প্রত্যয়িত করতে বলা হয়। এর ফলে অগ্রগতির মূল্যায়নের বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পায়। ২০২৬ সালে ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন সংক্রান্ত সহায়তা আরও সম্প্রসারিত হয়। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যক্তিগত উদ্যোগের জন্য ঋণের আবেদন সংক্রান্ত একটি অ্যাপ্লিকেশন চালু করা হয়। এর পর ২০২৬ সালের মে মাসে লোকওএস-এর একটি উন্নত সংস্করণ চালু হয়। গয়া ও পুষ্করে আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। ২৮-২৯ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে সব রাজ্যকে নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়। ২৯ জুন ২০২৬ তারিখে উৎপাদক গোষ্ঠী ও উদ্যোগগুলির জন্য একটি প্ল্যাটফর্ম এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি লাখপতি দিদি ড্যাশবোর্ড চালু করা হয়।
সামগ্রিকভাবে, এই বাস্তবায়ন পদ্ধতি লক্ষ্যমাত্রা নির্ধারণের বাইরেও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে। সরকার তথ্যভিত্তিক পরিকল্পনার সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সমন্বয় ঘটিয়েছে। বিদ্যমান গ্রামীণ সম্প্রদায়ভিত্তিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়সাধনে উৎসাহ দেওয়া হয়েছে। নিয়মিত পর্যালোচনা, ডিজিটাল উপকরণ এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে পর্যবেক্ষণ ও জবাবদিহি আরও শক্তিশালী হয়েছে। এই সমন্বিত পদ্ধতির ফলে জাতীয় স্তরে সমন্বিত একটি উদ্যোগ বিকেন্দ্রীভূত ও সম্প্রদায়ের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কার্যকরভাবে পরিচালিত হতে পেরেছে।
মহিলাদের নেতৃত্বে গ্রামীণ সমৃদ্ধি গড়ে তোলা
লাখপতি দিদি উদ্যোগ মহিলাদের কেন্দ্র করে গ্রামীণ জীবিকার উন্নয়নের একটি পদ্ধতির প্রতিফলন। এই উদ্যোগে বিদ্যমান গ্রামীণ প্রতিষ্ঠানগুলির সঙ্গে উদ্যোগ পরিকল্পনা এবং আর্থিক সহায়তার সমন্বয় ঘটানো হয়েছে। এর লক্ষ্য শুধু পরিবারের আয় বৃদ্ধি করাই নয়। এর পাশাপাশি, জীবিকার বৈচিত্র্য, উদ্যোগপতিত্ব এবং সম্প্রদায়ের নেতৃত্বকেও উৎসাহিত করা হয়। মহিলাদের সক্রিয় অর্থনৈতিক অবদানকারী হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই উদ্যোগ গ্রামীণ পরিবারগুলিকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে, এটি বৃহত্তর গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের পথও প্রশস্ত করছে।

তথ্যবিবরণী

Ministry of Rural Development

https://lakhpatididi.gov.in/insight-hub/

 

PIB Backgrounders

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/aug/doc2024829382701.pdf

Click here to see pdf 

 


*******
SSS/RP.......


(রিলিজ আইডি: 2336841) ভিজিটরের কাউন্টার : 16
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Nepali , हिन्दी , Gujarati