অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

৫৭তম জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তগুলি নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্সে জিএসটি আউটরিচ কর্মসূচি অনুষ্ঠিত হল আজ

প্রকাশিত: 17 NOV 2026 6:14PM by PIB Kolkata

কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৬

 

আজ কলকাতার কলকাতা লেদার কমপ্লেক্সে ৫৭তম জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তগুলি নিয়ে একটি জিএসটি আউটরিচ কর্মসূচির আয়োজন করে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি) ও সেন্ট্রাল এক্সাইজ, কলকাতা সাউথ কমিশনারেট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিজিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ, কলকাতা সাউথ কমিশনারেটের কমিশনার, আইআরএস, শ্রী মাধব সি. মিশ্র; অতিরিক্ত কমিশনার, আইআরএস, শ্রীমতী নিকিতা এস. চন্দ্রন; অতিরিক্ত কমিশনার, আইআরএস, শ্রী অজয় গৌতম; যুগ্ম কমিশনার, আইআরএস, শ্রী রোহিতকুমার ভাইসারে; আইআইডিএফ-এর সভাপতি ও আইএলজিপি-র চেয়ারম্যান শ্রী তপন নন্দী; আইএলপিএ-র সহ-সভাপতি শ্রী আকাশ নায়ার; বাণিজ্য সংগঠন ও চর্মশিল্পের প্রতিনিধিরা, করদাতারা, জিএসটি দপ্তরের আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অতিরিক্ত কমিশনার শ্রীমতী নিকিতা এস. চন্দ্রন স্বাগত ভাষণ দেন এবং কর্মসূচির উদ্দেশ্যগুলি তুলে ধরেন। এরপর সিজিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ, কলকাতা সাউথ কমিশনারেটের কমিশনার শ্রী মাধব সি. মিশ্র উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন।

নিজের বক্তব্যে শ্রী মাধব সি. মিশ্র কলকাতা লেদার কমপ্লেক্সের গুরুত্ব তুলে ধরে একে দেশের বৃহত্তম চর্মশিল্প ক্লাস্টারগুলির অন্যতম বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা শোনা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্দেশ্যেই দপ্তর শিল্পক্ষেত্রের প্রাঙ্গণে এই আউটরিচ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে ২০২৬ সালের ৮ অক্টোবর অনুষ্ঠিত ৫৭তম জিএসটি কাউন্সিলের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মিশ্র বলেন, কাউন্সিল জিএসটি ২.০-এর প্রক্রিয়াগত সংস্কার, নিয়ম মেনে চলার পদ্ধতি সরলীকরণ এবং মামলা-মোকদ্দমা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করেছে। তিনি বলেন, কাউন্সিলের বার্তা স্পষ্ট-নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করতে হবে, দ্রুত কর ফেরতের ব্যবস্থা করতে হবে এবং সৎ করদাতাদের ভয় ও আশঙ্কামুক্ত রাখতে হবে। তিনি আরও বলেন, দপ্তরের নজরদারি ও প্রয়োগমূলক পদক্ষেপের ক্ষেত্রে প্রকৃত তথ্যপ্রমাণ রয়েছে, এমন মামলাগুলির ওপরই গুরুত্ব দেওয়া উচিত।

কাউন্সিলের সিদ্ধান্ত ও সুপারিশের চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে শ্রী মিশ্র প্রথমে কর ফেরতের বিষয়টি নিয়ে আলোচনা করেন। ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের আওতায় কাজ করা রপ্তানিকারক ও ব্যবসায়ীদের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, এবছর নভেম্বর ১ থেকে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের আওতায় কর ফেরতের পরিধি ইনপুট সার্ভিসেস পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ২০২৭ সালের এপ্রিল ১ থেকে প্ল্যান্ট ও মেশিনারির ওপর প্রাপ্ত কর-ছাড়ের ক্রেডিট ফেরতের বিষয়ে কাউন্সিলের সুপারিশের কথাও তিনি উল্লেখ করেন। অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে কর ফেরতের আবেদন প্রাপ্তির স্বীকৃতি জানানোর সময়সীমা ১৫ দিন থেকে কমিয়ে ১০ দিন করা এবং রপ্তানিকারকদের অধিকাংশ যোগ্য আবেদন তিন কর্মদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণ করা। তিনি বলেন, এই পদক্ষেপগুলি কার্যকরী মূলধনের দ্রুত পুনর্ব্যবহার ও পুনরায় ব্যবহারে সহায়তা করবে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল ৬৯ নম্বর ধারার অধীনে গ্রেফতার সংক্রান্ত বিধান। শ্রী মিশ্র বলেন, কাউন্সিল গ্রেফতারের ক্ষমতা প্রত্যাহার, ফৌজদারি মামলা শুরু করার জন্য আর্থিক সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা এবং ১০,০০০ টাকা পর্যন্ত অঙ্কের ক্ষেত্রে কোনও ডিমান্ড নোটিশ জারি না করার সুপারিশ করেছে। তিনি আরও বলেন, অত্যন্ত ছোটখাটো বিষয় ও সামান্য অঙ্কের কারণে ক্ষুদ্র ও সৎ করদাতাদের মামলা-মোকদ্দমার মধ্যে জড়ানো উচিত নয়।

তৃতীয় বিষয়টি ছিল পণ্য পরিবহণ আরও নির্বিঘ্ন করা এবং প্রক্রিয়া সরলীকরণ। শ্রী মিশ্র ব্যাখ্যা করে বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং ঊর্ধ্বতন আধিকারিকের অনুমোদন সাপেক্ষেই পরিবহণের পথে থাকা পণ্য আটকানো হবে, যাতে প্রকৃত পণ্যবাহী চালান অপ্রয়োজনীয় বাধা ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অধিকাংশ নিয়মিত সংশোধন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদনের সুপারিশের বিষয়টিও তিনি তুলে ধরেন।

চতুর্থ বিষয়টি ছিল ইনপুট ট্যাক্স ক্রেডিট। শ্রী মিশ্র বলেন, কর্মীদের স্বাস্থ্য ও জীবনবিমার ক্ষেত্রে কর ছাড়ের ক্রেডিট দেওয়ার সুপারিশ করেছে কাউন্সিল, যা শিল্পক্ষেত্রের দীর্ঘদিনের দাবি ছিল। এই ধরনের ক্রেডিট পাওয়ার যোগ্যতা সংক্রান্ত প্রশ্নগুলি খতিয়ে দেখা ও নিষ্পত্তির জন্য আধিকারিকদের নিয়ে একটি স্থায়ী কমিটি গঠনের সুপারিশের কথাও তিনি উল্লেখ করেন। তিনি ব্যাখ্যা করেন, নিয়োগকর্তারা কর্মীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও জীবনবিমার ব্যবস্থা করলে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ সহায়ক হবে। কারণ, আগে এই ধরনের ক্রেডিট পাওয়ার সুযোগ ছিল না। শ্রী মিশ্র স্পষ্ট করেন, সংশ্লিষ্ট আইন সংশোধন এবং বিজ্ঞপ্তি জারির পরেই বেশ কয়েকটি সুপারিশ কার্যকর হবে। এর অধিকাংশই ২০২৭ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিএসটি-র ১০ম বৎসরে পদার্পণের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মিশ্র বলেন, করদাতা ও কর প্রশাসনের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে এই ব্যবস্থা ক্রমশ বিকশিত হচ্ছে। তিনি আশাপ্রকাশ করেন, ৫৭তম জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তগুলি এই ব্যবস্থাকে আরও সরল, দ্রুত ও ন্যায়সংগত করে তুলতে সহায়তা করবে। কলকাতার চর্মশিল্পের দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কার এবং সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতার মাধ্যমে এই শিল্প ক্লাস্টার আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি সম্প্রসারিত করতে পারে। এই যাত্রায় কলকাতা সাউথ কমিশনারেট শিল্পক্ষেত্রকে নিরন্তর সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দেন।

কমিশনারের বক্তব্যের পর যুগ্ম কমিশনার শ্রী রোহিতকুমার ভাইসারে ৫৭তম জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে একটি কারিগরি উপস্থাপনা করেন। এতে রেজিস্ট্রেশন ও রিটার্ন, কর ফেরত, ইনপুট ট্যাক্স ক্রেডিট, মামলা-মোকদ্দমা ও জরিমানা এবং পণ্য পরিবহণ সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হয়। উপস্থাপনায় সরলীকৃত রেজিস্ট্রেশন ও বাতিলকরণ প্রক্রিয়া, ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম (IMS), রিটার্নের তথ্যের সামঞ্জস্য যাচাই, স্বয়ংক্রিয় কর ফেরত, দ্রুত স্বীকৃতি প্রদান, ১৭(৫) নম্বর ধারার অধীনে আটকে থাকা ক্রেডিটের যৌক্তিকীকরণ, ৭৩, ৭৪ ও ৭৪এ নম্বর ধারায় প্রস্তাবিত সংশোধন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহণের পথে থাকা পণ্য আটকানোর বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল।

কারিগরি উপস্থাপনার পর করদাতা ও বাণিজ্য সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এই উন্মুক্ত আলোচনায় প্রতিনিধিরা বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি, দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও স্পষ্টীকরণ জানার সুযোগ পান।

 


******

SSS/RP/Kol/17.11.26…


(রিলিজ আইডি: 2338020) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English