57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

এক পৃথিবী, অগণিত গল্প, অসীম আবেগ :বর্ণাঢ্য আয়োজনে গোয়ায় ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা

প্রকাশিত: 20 NOV 2026 9:19PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339515Views: 16

গোয়া, ২০ নভেম্বর ২০২৬ 

 

আলোর প্রথম ঝলক থেকে পর্দায় প্রথম দৃশ্য ফুটে ওঠা পর্যন্ত, এই যাত্রার মধ্যেই পৃথিবীর মানুষ একত্রিত হওয়ার নতুন কারণ খুঁজে পান। আজ গোয়া হয়ে উঠেছিল সেই মিলনমঞ্চ। আরব সাগরের ঝলমলে পটভূমিতে গোয়া আবারও আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট অভিনেতা ও সিনেমাপ্রেমীরা এখানে একত্রিত হয়েছেন। মিলেছে নানা সংস্কৃতি, ডানা মেলেছে নতুন ভাবনা।

 

গোয়ার ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)। বিশ্বের ৮৬টি দেশের ১৫০টিরও বেশি চলচ্চিত্র নিয়ে এই উৎসবের সূচনা হয়েছে। ‘Stories Without Borders’ বা ‘সীমানা ছাড়িয়ে গল্প’ ভাবনাকে সামনে রেখে এবারের উৎসবে সিনেমার অসাধারণ শক্তিকে উদযাপন করা হচ্ছে। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে, সাংস্কৃতিক বিভেদ দূর করে এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষকে একই অভিজ্ঞতায় যুক্ত করার ক্ষেত্রে সিনেমার ভূমিকা তুলে ধরা হচ্ছে।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত বলেন, গত ২২ বছরেরও বেশি সময় ধরে IFFI গোয়ার সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই উৎসব বিভিন্ন সীমানা পেরিয়ে মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে সিনেমার শক্তিকে উদযাপন করে। ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘সমগ্র বিশ্ব এক পরিবার’, ভারতের এই চিরন্তন দর্শনের সঙ্গে উৎসবের মূল ভাবনার যোগসূত্র তুলে ধরে তিনি বলেন, “সিনেমা আমাদের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে এবং মানুষের মধ্যে মিল খুঁজে পেতে সাহায্য করে।”

 

ব্রিকস চলচ্চিত্র বিভাগে রামায়ণকে অন্তর্ভুক্ত করাকে ভারতের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সিনেমার সমৃদ্ধি তুলে ধরার ক্ষেত্রে IFFI-র ভূমিকার কথাও তিনি বলেন। বিশেষভাবে মারাঠি, কোঙ্কণি ও গোয়ান চলচ্চিত্রের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এই স্বীকৃতি আরও বেশি তরুণ গোয়াবাসীকে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করবে এবং তাঁদের গল্প জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

গোয়াকে চলচ্চিত্র নির্মাণের পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে ড. সাওয়ান্ত বলেন, “আমরা চাই গোয়া এমন একটি গন্তব্য হয়ে উঠুক, যেখানে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তার সম্পাদনা ও অন্যান্য কাজও সম্পূর্ণ করা যাবে।” তিনি জানান, গোয়া ফিল্ম শুটিং আইন, ২০২১, অনলাইন সিঙ্গল-উইন্ডো ছাড়পত্র ব্যবস্থা এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পগুলি রাজ্যের চলচ্চিত্র ক্ষেত্রকে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রি-প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন, ভিএফএক্স এবং চলচ্চিত্র শিক্ষার সুযোগ-সুবিধা-সহ একটি ফিল্ম সিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি ঘোষণা করেন।

 

অ্যানিমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল প্রোডাকশনের মতো প্রযুক্তির অগ্রগতিতে নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পরিবর্তনশীল আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে অংশ নেওয়ার জন্য গোয়ার তরুণ সৃজনশীল প্রতিভাদের প্রস্তুত করে তোলাই রাজ্যের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।

 

‘Stories Without Borders’ বা ‘সীমানা ছাড়িয়ে গল্প’ ভাবনা প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা ও সাংসদ রবি কিষাণ বলেন, বিভিন্ন ভাষা ও অঞ্চলের প্রায় ৭০০টি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতার কারণে এই ভাবনা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, ভাষা বা ভৌগোলিক দূরত্ব নির্বিশেষে দর্শকরা সিনেমার তিনটি বিষয়ের সঙ্গে সহজেই নিজেদের যুক্ত করতে পারেন। সেগুলি হল সত্য, আবেগ এবং আকর্ষণীয় গল্প।

 

তিনি বলেন, “পৃথিবীর এক প্রান্তে জন্ম নেওয়া কোনও গল্প হাজার হাজার মাইল দূরের মানুষের কাছেও আপন হয়ে উঠতে পারে। এটাই সিনেমার জাদু।” সীমানা পেরিয়ে মানুষের মধ্যে অভিন্ন অনুভূতি গড়ে তোলার ক্ষেত্রে সিনেমার শক্তির কথাও তিনি তুলে ধরেন। ভারতের চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথাও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎপাদনকারী দেশ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার বিভিন্ন সীমানা পেরিয়ে নানা সংস্কৃতি ও ভাবনার মানুষকে একত্রিত করার ক্ষেত্রে সিনেমার ভূমিকার কথা তুলে ধরেন। IFFI শুধু চলচ্চিত্রের উদযাপন নয় বলে উল্লেখ করে তিনি বলেন, “এটি বিভিন্ন সংস্কৃতি, ভাবনা, স্মৃতি এবং মানুষের অভিজ্ঞতার মিলনমঞ্চ।”

 

ঋগ্বেদের ‘আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতঃ’ অর্থাৎ ‘বিশ্বের সকল দিক থেকে কল্যাণকর চিন্তা আমাদের কাছে আসুক’, এই ভাবনার উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের প্রতি উন্মুক্ত দৃষ্টিভঙ্গি ভারতের পরিচয়কে আরও সমৃদ্ধ করে। ভারতের সাংস্কৃতিক প্রভাব তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে সিনেমার কথা উল্লেখ করেন তিনি। এই সাংস্কৃতিক আদানপ্রদানের প্রতিফলন এবারের IFFI-তেও দেখা যাচ্ছে। রাশিয়া ও স্পেনের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ব্রিকস দেশগুলির ২১টি চলচ্চিত্র এই উৎসবে স্থান পেয়েছে।

 

এ বছরের ‘Stories Without Borders’ ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “পৃথিবীর এক প্রান্তের গল্প আবেগ, কল্পনা এবং মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে।” নতুন প্রতিভা এবং সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করার ক্ষেত্রে IFFI-র অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন। এবারের উৎসবে ৫২ জন মহিলা চলচ্চিত্র নির্মাতা এবং প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছেন এমন ৬২ জন পরিচালক অংশ নিচ্ছেন।

 

এ বছরের উৎসবের ভাবনা তুলে ধরতে গিয়ে IFFI-র উৎসব পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর এমন এক সময়ে সিনেমার ঐক্যবদ্ধ করার ক্ষমতার কথা বলেন, যখন প্রযুক্তির মাধ্যমে মানুষ পরস্পরের সঙ্গে যুক্ত থাকলেও সাংস্কৃতিক দূরত্ব বাড়ছে। ‘Stories Without Borders’ ভাবনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অনেক সময় বিভেদের দেওয়াল আমরাই নিজেদের চারপাশে তৈরি করি। তাঁর কথায়, “সীমানা শুধু মানচিত্রে আঁকা রেখা নয়। নিজেদের চারপাশে আমরা যে অভ্যাস ও গণ্ডি তৈরি করি, সেগুলিও এক ধরনের সীমানা।”

 

সিনেমা কীভাবে এই বাধা দূর করে, তা ব্যাখ্যা করতে গিয়ে গোয়ারিকর বলেন, দর্শক যখন অপরিচিত ভাষার কোনও চলচ্চিত্রের চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারেন, তখন মানুষের মধ্যে দূরত্ব অনেকটাই কমে যায়। তিনি বলেন, “গল্পই এমন একটি বিষয়, যা পাসপোর্ট ছাড়াই সীমানা পেরিয়ে যেতে পারে।”

 

এই ভাবনাকে বাস্তবে তুলে ধরতে এবারের IFFI-তে থাকছে ৯টি ওয়ার্ল্ড প্রিমিয়ার, ২টি ইন্টারন্যাশনাল প্রিমিয়ার, ২৪টি এশিয়ান প্রিমিয়ার এবং ১১৬টি ইন্ডিয়ান প্রিমিয়ার। বিভিন্ন দেশ, চলচ্চিত্রের বিভিন্ন সময়কাল, নতুন প্রতিভা এবং উৎসবের আয়োজক শহরের বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই প্রদর্শনীগুলি দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রী সদানন্দ মহালু শেঠ তানাভাড়ে, সিওলিমের বিধায়ক তথা এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার ভাইস চেয়ারপার্সন শ্রীমতী ডেলিলা লোবো, গোয়ার মুখ্যসচিব ড. ভি. কান্দাভেলু, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী জি. কৃষ্ণকুমার, প্রসার ভারতীর চেয়ারম্যান শ্রী প্রসূন যোশী, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রী ধীরজ সিং এবং এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী দীপক বান্দেকর।

 

চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব কার্তিক আরিয়ান এবং সাই পল্লবীর উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

 

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের চেয়ারম্যান আনন্দ এল. রাই এবং জুরি সদস্য বোগদান মুরেশানু, সোল বেরুয়েসো পিশোঁ-রিভিয়ের, মারিয়া আলেহান্দ্রা রোহাস এবং রতচাপুম বুনবুনচাচোকে-কে উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। ইন্ডিয়ান প্যানোরামা ফিচার বিভাগের চেয়ারপার্সন শ্রী মধুর ভান্ডারকর এবং নন-ফিচার চলচ্চিত্র বিভাগের চেয়ারপার্সন শ্রী হিমাংশু শেখর খাটুয়াকেও সংবর্ধনা জানানো হয়।

 

বিশ্বজুড়ে সঙ্গীত পরিবেশনায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমার সর্বজনীন ভাষাকে উদযাপন করতে একাধিক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনবার গ্র্যামি পুরস্কারজয়ী সুরকার রিকি কেজের নেতৃত্বে সিম্ফনি অর্কেস্ট্রার বিশেষ পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ‘A World of Cinema Through Music’ ভাবনাকে সামনে রেখে এই পরিবেশনা দর্শকদের বিভিন্ন সংস্কৃতি ও গল্প বলার ঐতিহ্যের মধ্য দিয়ে এক সুরের যাত্রায় নিয়ে যায়। ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে যুক্ত করার ক্ষেত্রে সিনেমার ক্ষমতা এই পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।

 

উদ্বোধনী সন্ধ্যায় ‘Music Without Borders’ নামে একটি আন্তর্জাতিক সঙ্গীত সহযোগিতামূলক অনুষ্ঠানও পরিবেশিত হয়। বিভিন্ন দেশের শিল্পীরা এতে অংশ নেন। সঙ্গীতের নানা ঐতিহ্য, সম্প্রীতি এবং সাংস্কৃতিক আদানপ্রদান ছিল এই পরিবেশনার মূল ভাবনা।

 

উৎসবের পরিচিত ময়ূর প্রতীককে কেন্দ্র করে ‘Beyond the Frame’ নামে একটি বিশেষ নৃত্য পরিবেশনাও অনুষ্ঠিত হয়। নৃত্য ও শিল্পকলার মাধ্যমে IFFI-র প্রতীককে প্রাণবন্ত করে তোলা হয়।

 

*২০ বছরের গৌরবময় যাত্রা পূর্ণ করল WAVES Film Bazaar*

 

ভারতীয় সিনেমার সঙ্গে আন্তর্জাতিক সুযোগের যোগাযোগ গড়ে তোলার দুই দশক পূর্তি উপলক্ষে ২০২৬ সালের ২০ নভেম্বর গোয়ায় শুরু হয়েছে WAVES Film Bazaar-এর ২০তম সংস্করণ। ৫৭তম IFFI-র পাশাপাশি এই আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বিশেষ অডিও-ভিজ্যুয়াল পরিবেশনার মাধ্যমে ফিল্ম বাজারের দীর্ঘ যাত্রা এবং চলচ্চিত্র ব্যবসা, যৌথ প্রযোজনা, অর্থায়ন, যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এর অবদান তুলে ধরা হয়।

 

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) আয়োজিত WAVES Film Bazaar-এর যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। তখন ১৮টি দেশের ২০৪ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। বর্তমানে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। ৪০টিরও বেশি দেশের ২,৫০০-র বেশি চলচ্চিত্র পেশাদার এই মঞ্চে একত্রিত হন।

 

*IFFI 2026-এর বিশেষ আকর্ষণ*

 

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Stories Without Borders’ ভাবনাকে সামনে রেখে বিশ্বের ৮৬টি দেশের ১৫০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৩৭টি দেশের ১,৯০০-রও বেশি চলচ্চিত্রের মধ্যে থেকে এবারের চলচ্চিত্রগুলি বেছে নেওয়া হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র ‘Fatherland’, উৎসবের মাঝামাঝি প্রদর্শিত চলচ্চিত্র ‘I Matter’ এবং সমাপনী চলচ্চিত্র ‘We Are All Strangers’।

 

এবারের উৎসবে সিনেমার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে দুটি নতুন বিভাগ যুক্ত হয়েছে। বিভাগ দুটি হল অ্যানিমেশন এবং চলচ্চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র। স্পেন এবারের সম্মানিত দেশ এবং রাশিয়া সহযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে। ব্রিকস চলচ্চিত্র বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের নতুন ও বৈচিত্র্যময় গল্প তুলে ধরা হবে। ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে দেশের ১৮টি ভাষার ৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

নতুন প্রতিভাদের উৎসাহিত করা এবং চলচ্চিত্র জগতে সকলের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে IFFI 2026। এবারের উৎসবে ৫২ জন মহিলা চলচ্চিত্র নির্মাতা এবং প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছেন এমন ৬২ জন পরিচালক অংশ নিচ্ছেন। ‘ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো’-র ষষ্ঠ সংস্করণে চলচ্চিত্র নির্মাণের ১৩টি বিভাগ থেকে ১০০ জন তরুণ চলচ্চিত্র নির্মাতাকে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের পাশাপাশি ১৪টি মাস্টারক্লাস এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণ, সহযোগিতা, মতবিনিময় এবং সৃজনশীল ভাবনার আদানপ্রদানের সুযোগ তৈরি হবে।

 

IFFI 2026 শুধু চলচ্চিত্রের উৎসব নয়। এটি বিভিন্ন সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল প্রতিভার মিলনমঞ্চ। সীমানা পেরিয়ে বিশ্বের মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে সিনেমার শক্তিকে এই উৎসব আরও একবার তুলে ধরছে। সিনেমার ভাষার কোনও সীমানা নেই, গল্পের কোনও গণ্ডি নেই। সিনেমা মানুষের মনে নানা অনুভূতির জন্ম দেয়। আগামী নয় দিন ধরে চলবে চলচ্চিত্রের এই বিশেষ যাত্রা। পৃথিবী হয়তো ভৌগোলিক সীমানায় বিভক্ত, কিন্তু সিনেমা হলের অন্ধকারে আমরা সকলেই একই আলোর স্বপ্ন দেখি।

 

এখানে IFFILOID পড়ুন : https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

 

SC/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339515
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026