শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের পরিবর্তন, ক্রমবর্ধমান স্টার্ট-আপ সংস্থা এবং যুব সম্প্রদায়ের জন্য সুযোগ একটি উন্নত রাষ্ট্রের দিকে দেশের এগিয়ে চলার প্রতিফলন : দিল্লি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল

প্রকাশিত: 20 NOV 2026 3:18PM by PIB Kolkata

নতুন দিল্লি ২০ নভেম্বর ২০২৬

 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সমাবর্তনে ভাষণ দেন। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজে আজ যাঁরা ডিগ্রি পেয়েছেন তাঁদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতের অর্থনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত এক দশকের কিছু বেশি সময়ে প্রায় ৫০ কোটি ভারতবাসী চরম দারিদ্র্যসীমার নাগপাশ থেকে নিজেদের মুক্ত করতে পেরেছেন। এক দশক আগে দেশে মাত্র কয়েকশ’ স্টার্ট-আপ সংস্থা ছিল। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ ব্যবস্থাপনা এ দেশে রয়েছে। এই মুহূর্তে ভারতে ২ লক্ষ ৫০ হাজার স্টার্ট-আপ সংস্থা এবং ১৩০টি ইউনিকর্ন আছে। কর্মপ্রার্থী হওয়ার পরিবর্তে যুব সম্প্রদায়কে কর্মসংস্থান সৃষ্টিকারী হয়ে ওঠার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তাঁদের বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করার মানসিকতা থাকতে হবে, নিজের ব্যর্থতাকে স্বীকার করতে হবে এবং নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

মন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার দায়িত্ব দেশের যুব সম্প্রদায়ের কাঁধে ন্যস্ত। আজ যাঁরা ডিগ্রি অর্জন করলেন, তাঁদের আগামীদিনে বিপুল সম্ভাবনা রয়েছে। এঁরা সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন নতুন সুযোগ গড়ে তুলতে পারেন। মন্ত্রী স্নাতক হওয়া ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতি বছর প্রায় ২.৫ কোটি তরুণ-তরুণী কলেজে পৌঁছয়। কিন্তু, খুব কম ছাত্রছাত্রীরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ থাকে। বোর্ডের পরীক্ষা, সিইউইটি, মক টেস্ট সহ বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা অর্জন করতে হয়। তবে তাঁদের এই অর্জনের পেছনে অভিভাবকদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। অভিভাবকরা নিজের সন্তানের চাহিদা পূরণে তাঁদের স্বপ্নকে অনেক সময়েই দূরে সরিয়ে রাখেন। এই প্রসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে ক্যান্টিনের কর্মী, নিরাপত্তা কর্মী, লাইব্রেরিয়ান এবং বিশ্ববিদ্যালয়ের চা বিক্রেতা সুদামাজির কথা সব সময় মনে রাখার পরামর্শ দেন। পাশাপাশি, শিক্ষকদের সম্মান প্রদর্শনের গুরুত্বও তিনি উল্লেখ করেন। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরের ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৯০টি কলেজ রয়েছে। স্বাধীনতা সংগ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোভিড মহামারীর সাক্ষী এই বিশ্ববিদ্যালয়। আজ এখান থেকে ৪০০-র বেশি ডক্টরেট ডিগ্রি প্রদান ছাড়াও ১ লক্ষ ৭০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। এটি তাঁর জন্য অত্যন্ত সম্মানের বলে মন্ত্রী জানান। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুকন্যার শিক্ষার অধিকার বর্তমানে নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের কথা জানতে পারলে অত্যন্ত আনন্দিত হবেন। 

আজকের অনুষ্ঠানে যাঁরা ডিগ্রি পেলেন তাঁদের মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়কালে সহপাঠীদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, সেটি যেন ভবিষ্যতে বজায় থাকে। জীবনে সাফল্যের জন্য তিনি ছ’টি বিষয়ের ওপর গুরুত্ব দেন। এগুলি হল – বড় কিছু বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা; ইতিবাচক ভাবনা; নিজ লক্ষ্যে স্থির থাকা; প্রতিনিয়ত শিক্ষালাভ করা; স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং যে লড়াই তাঁরা লড়ছেন, তার প্রতি আস্থাশীল হওয়া। 

শ্রী গোয়েল প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর অন্যতম মেন্টর বলে উল্লেখ করেন। তিনি বলেন, ২০০২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শ্রী বাজপেয়ী বলেছিলেন, প্রকৃত অর্থে শিক্ষার মানে হল আত্ম-অনুসন্ধানের প্রক্রিয়া এবং নিজেকে তৈরি করা।

স্বাধীনতার ৭৫তম বর্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে পাঁচটি সঙ্কল্পের কথা বলেছিলেন, সেগুলিও শ্রী গোয়েল তাঁর ভাষণে উল্লেখ করেন। আজ যাঁরা ডিগ্রি লাভ করলেন তাঁরা এই বিশ্ববিদ্যালয়কে যেমন আরও ক্ষমতাশালী করে তুলবেন, পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কে আরও ভালোভাবে ভাবনাচিন্তা করবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি তাঁদের সঙ্কট এবং নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যেও বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। তাঁদের আরও সাফল্য কামনা করে মন্ত্রী প্রত্যেক ডিগ্রি প্রাপককে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2340142) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati