প্রকাশিত:
20 NOV 2026 12:32PM by PIB Kolkata
২০ নভেম্বর ২০২৬
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ভারতের কৃষিপণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। বাসমতি চাল, প্রক্রিয়াজাত ও সংরক্ষিত আলু এবং ইয়েলো ডেন্ট কর্ন (হলুদ দানার ভুট্টা) এই বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাসমতি চালের রপ্তানি যেমন ২৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রক্রিয়াজাত আলুর রপ্তানি বেড়েছে ২০.৮ শতাংশ। ইয়েলো ডেন্ট কর্নের রপ্তানিও প্রায় ১২ গুণ বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়া, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানির এই উল্লেখযোগ্য বৃদ্ধি ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানির ভৌগোলিক পরিধি ক্রমশ বিস্তৃত হওয়ার প্রতিফলন।
ভারতের কৃষিপণ্য রপ্তানি ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে। বাসমতি চাল, প্রস্তুত বা সংরক্ষিত হিমায়িত আলু এবং ইয়েলো ডেন্ট কর্নের রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঐতিহ্যবাহী বাজারগুলিতে চাহিদা বৃদ্ধি, নতুন বাজারে দ্রুত সম্প্রসারণ এবং ভারতের কৃষিপণ্য রপ্তানির ভৌগোলিক বৈচিত্র্য বৃদ্ধির সম্মিলিত প্রভাব এই সাফল্যে প্রতিফলিত হয়েছে।
পশ্চিম এশিয়ার একাধিক বাজারে, বিশেষত ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইয়েমেন ও ওমানে বাসমতি চালের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও রপ্তানি বেড়েছে। অন্যদিকে, প্রক্রিয়াজাত আলুর রপ্তানিও পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে, বিশেষ করে, ইন্দোনেশিয়া ও জাপানে, ত্বরান্বিত হয়েছে।
ইয়েলো ডেন্ট কর্নের রপ্তানিতে বিশেষভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ভিয়েতনাম, বাংলাদেশ ও ফিলিপিন্স প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে উঠে এসেছে। এই কৃষিপণ্যগুলির রপ্তানিতে বৃদ্ধি ভারতের রপ্তানির ভৌগোলিক বিস্তার এবং আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান উপস্থিতির পরিচায়ক।
বাসমতি চালের রপ্তানি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৬০ বিলিয়ন মার্কিন ডলারে
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে বাসমতি চালের রপ্তানি প্রায় ২৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১.২৮ বিলিয়ন মার্কিন ডলার, যা পরবর্তী অর্থবর্ষে বেড়ে ১.৬০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা এবং অন্যান্য অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বাজারে এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
- ইরান উল্লিখিত বাজারগুলির মধ্যে বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে উঠে এসেছে। সেখানে রপ্তানি ৪৪.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৯.৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১৮৭.১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- সৌদি আরবে রপ্তানি ৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ১৬১.৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৭৪.৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি ২৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ১০৯.৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৩৯.৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- সংযুক্ত আরব আমিরশাহীতে রপ্তানি ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ১৩৮.৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- ইয়েমেনে রপ্তানি ৬৬.৮ শতাংশ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ৭৪.৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
- ওমানেও উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। রপ্তানি ৬৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪.৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৭৪.২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- তুলনামূলকভাবে ছোট বাজারগুলির মধ্যে জর্ডনে রপ্তানি ৪৪৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি পাঁচ গুণেরও বেশি বেড়ে ৬.৩ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৩৪.৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
কানাডা, কাতার, নেপাল, মরিশাস ও ইতালি-সহ অন্যান্য বাজারেও বাসমতি চালের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় বাসমতি চালের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হয়েছে।
প্রক্রিয়াজাত আলুর রপ্তানি ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭৯.৪ মিলিয়ন মার্কিন ডলারে
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ভারতের প্রস্তুত বা সংরক্ষিত হিমায়িত আলুর রপ্তানি ২০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি বেড়ে ১৭৯.৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রসঙ্গত, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে রপ্তানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।
- ফিলিপিন্স প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। সেখানে রপ্তানির পরিমাণ ৩৬.৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এরপর রয়েছে সৌদি আরব, যেখানে রপ্তানি হয়েছে ২৪.৩ মিলিয়ন মার্কিন ডলারের।
- ইন্দোনেশিয়াতে রপ্তানি ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ৭.৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১৩.৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- জাপানে রপ্তানিতে উল্লেখযোগ্য ১১২.৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে। রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়ে ৬.২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১৩.২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- ওমান ও অস্ট্রেলিয়াতেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ওমানে রপ্তানি ৯.৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অস্ট্রেলিয়ায় রপ্তানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৬.০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধির পরিচায়ক।
- দক্ষিণ কোরিয়াতে রপ্তানি প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ১.০ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে প্রায় ২.০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- চিনে রপ্তানি ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ০.৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১.৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ইয়েলো ডেন্ট কর্নের রপ্তানি ১,১৫৬ শতাংশ বৃদ্ধি
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ইয়েলো ডেন্ট কর্নের রপ্তানি প্রায় ১,১৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার। এটি পরবর্তী অর্থবর্ষে, অর্থাৎ ২০২৬-২৭-এ বেড়ে ১২২.৮২ মিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে। এশিয়ার একাধিক বাজারে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই প্রবল অগ্রগতি সম্ভব হয়েছে।
- ভিয়েতনাম বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে উঠে এসেছে। সেখানে রপ্তানি প্রায় ৩,৪৯,৬০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.০২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৬৯.৯৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধি অত্যন্ত উল্লেখযোগ্য।
- বাংলাদেশে রপ্তানির পরিমাণ ৩০.৮৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ফিলিপিন্সও একটি গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে এসেছে, যেখানে রপ্তানি ৮.৫৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- সংযুক্ত আরব আমিরশাহীতে রপ্তানি প্রায় ৩,৮৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ ০.১৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৭.১৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- মালেশিয়াতেও প্রায় ৯০৩ শতাংশ উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। রপ্তানি ০.৩৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৩.৪১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
কৃষিপণ্য রপ্তানিতে বৈচিত্র্য ভারতের সাফল্যকে আরও শক্তিশালী করছে
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ভারতের কৃষিপণ্য রপ্তানির সাফল্য ঐতিহ্যবাহী প্রধান কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের নির্বাচিত ক্ষেত্রে বৃদ্ধির প্রতিফলন। বাসমতি চালের রপ্তানি পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা এবং অন্যান্য বাজারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, প্রক্রিয়াজাত আলুর রপ্তানিতে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলিতে অগ্রগতি হয়েছে।
ইয়েলো ডেন্ট কর্নও এই সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভিয়েতনাম, বাংলাদেশ, ফিলিপিন্স এবং অন্যান্য গন্তব্যে এর রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বাজারে রপ্তানির এই বৃদ্ধি ভারতের কৃষিপণ্য রপ্তানির ভৌগোলিক বৈচিত্র্য ক্রমশ বাড়ার পরিচায়ক।
ঐতিহ্যবাহী এবং নতুন বাজারগুলিতে রপ্তানির বৃদ্ধি ভারতীয় কৃষিপণ্য ও মূল্য সংযোজিত প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারের পরিধি সম্প্রসারণের প্রমাণ বহন করে।
তথ্যবিবরণী:
Ministry of Commerce and Industry
From Indian Fields to Global Markets: Agri-Exports Gather Pace
*******
SSS/PK/Kol/...