প্রকাশিত:
20 NOV 2026 12:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০২৬
প্রেক্ষাপট: বিশ্ব টেলিভিশন দিবস
বৈদ্যুতিন যোগাযোগ নেটওয়ার্কের হাত ধরে বৃহৎ সংখ্যক মানুষের কাছে নিয়মতান্ত্রিকভাবে অডিও ও ভিডিও বিষয়বস্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থাই সম্প্রচার। টেলিভিশন সম্প্রচারে শব্দ ও চলমান ছবির সমন্বয়ে সংবাদ, তথ্য, শিক্ষা এবং বিনোদন পরিবেশন করা হয়। বিগত কয়েক দশকে প্রযুক্তির অগ্রগতির ফলে স্থলভিত্তিক, উপগ্রহ, কেবল এবং ইন্টারনেট-নির্ভর বিভিন্ন মাধ্যমে টেলিভিশনের পরিসর বেড়েছে। এর ফলে, গণ-সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে টেলিভিশন।
ভারতে টেলিভিশন সম্প্রচার ভৌগোলিক ও ভাষাগত সীমানা পেরিয়ে বিভিন্ন জনগোষ্ঠীকে সংযুক্ত করে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এনেছে। শিক্ষামূলক অনুষ্ঠান, কৃষি সংক্রান্ত তথ্য, স্বাস্থ্য সচেতনতা এবং জনপরিষেবামূলক প্রচারের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করেছে এই মাধ্যম। পাশাপাশি, বিনোদনের অন্যতম প্রধান উৎস হিসেবেও উঠে এসেছে টেলিভিশন। চলচ্চিত্র, ধারাবাহিক, খেলাধুলা-সহ বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে গিয়েছে লক্ষ লক্ষ পরিবারের কাছে। একই সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের প্রসারেও ভূমিকা নিয়েছে এই মাধ্যম। সরকারি নীতি, জনকল্যাণমূলক প্রকল্প, উন্নয়নমূলক উদ্যোগ এবং জরুরি তথ্য প্রচারের মাধ্যমে জনপ্রশাসনকেও শক্তিশালী করেছে টেলিভিশন। এর ফলে, জনসচেতনতা এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ বেড়েছে।
জনমত, আন্তর্জাতিক যোগাযোগ এবং সাংস্কৃতিক আদানপ্রদানে টেলিভিশনের ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ১৯৯৬ সালে ২১ নভেম্বর তারিখটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। তথ্য প্রদান, শিক্ষা এবং সমাজের বিভিন্ন অংশকে সংযুক্ত করার ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকার স্বীকৃতি জানাতেই এই দিবস পালন করা হয়। সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং তথ্যভিত্তিক জন-আলোচনায় দায়িত্বশীল সম্প্রচারের গুরুত্বও এই দিবসের মাধ্যমে তুলে ধরা হয়।
টেলিভিশনের পর্দায় দূরবর্তী ঘটনাবলি, নতুন ভাবনা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষের ঘরে পৌঁছে যায়। নিজস্ব এলাকার বাইরের ঘটনাপ্রবাহের সঙ্গেও দর্শকদের সংযুক্ত করে এই মাধ্যম। কয়েক দশকে ভারতে বিনোদন, তথ্য, শিক্ষা এবং জনসংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে টেলিভিশন।
টেলিভিশন সম্প্রচারের প্রযুক্তিগত বিবর্তন
যোগাযোগ ও সংকেত প্রেরণ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ভারতে টেলিভিশন সম্প্রচারের বিবর্তন ঘটেছে। প্রতিটি প্রযুক্তিগত উন্নয়ন অনুষ্ঠান সম্প্রচার ও বিতরণের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। এর ফলে, টেলিভিশনের পরিসর ও সহজলভ্যতা বেড়েছে।
সম্প্রচারের প্রাথমিক যুগ: স্থলভিত্তিক টেলিভিশন (১৯৫৯-১৯৭৫)
ভারতে টেলিভিশন সম্প্রচারের যাত্রা শুরু হয় ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন All India Radio (AIR) এই উদ্যোগ শুরু করে। একটি অস্থায়ী স্টুডিও এবং ছোট ট্রান্সমিটারের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করা হত। প্রথম দিকে দিল্লির আশপাশের সীমিত এলাকায় এই সম্প্রচার পৌঁছত। ১৯৬৫ সালে পরীক্ষামূলক উদ্যোগটি নিয়মিত টেলিভিশন পরিষেবায় পরিণত হয়। ১৯৬৫ সালের ১৫ আগস্ট দূরদর্শন প্রতিদিন হিন্দি সংবাদ বুলেটিন সম্প্রচার শুরু করে। ১৯৭২ সালের মধ্যে মুম্বই ও অমৃতসরে এই পরিষেবা সম্প্রসারিত হয়। ১৯৭৫ সালের মধ্যে আরও সাতটি শহরে তা পৌঁছে যায়। এই পুরো সময়েই দূরদর্শন জাতীয় সম্প্রচার সংস্থা All India Radio-র অংশ ছিল। ১৯৭৬ সালের ১ এপ্রিল এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে পৃথক দফতরে পরিণত হয়।
এই সময়ে টেলিভিশন সম্প্রচার মূলত অ্যানালগ স্থলভিত্তিক প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। এই ব্যবস্থায় ভূমিতে স্থাপিত ট্রান্সমিটারের মাধ্যমে বেতার তরঙ্গ ব্যবহার করে টেলিভিশনের সংকেত পাঠানো হত। উঁচু টাওয়ারে বসানো অ্যান্টেনা থেকে ট্রান্সমিটার সংকেত সম্প্রচার করত। বাড়ির টেলিভিশন সেটে থাকা অভ্যন্তরীণ অথবা বাইরের অ্যান্টেনার মাধ্যমে সেই সংকেত গ্রহণ করা হত।
তবে, স্থলভিত্তিক সম্প্রচারের কিছু ভৌগোলিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল। ট্রান্সমিটার থেকে বাড়ির দূরত্বের উপর সংকেত গ্রহণের মান নির্ভর করত। পাহাড়, বহুতল ভবন এবং অন্যান্য প্রাকৃতিক ও কৃত্রিম বাধার কারণে সংকেত দুর্বল হয়ে পড়ত অথবা সম্পূর্ণভাবে আটকে যেত। ফলে বিভিন্ন এলাকায় সম্প্রচারের মানে তারতম্য দেখা দিত।
অ্যানালগ সম্প্রচারে চ্যানেলের সংখ্যাও সীমিত ছিল। সাধারণত নির্দিষ্ট একটি টেলিভিশন ফ্রিকোয়েন্সি চ্যানেলে একটি অনুষ্ঠান সম্প্রচার করা যেত। তাই পরিষেবার পরিসর বাড়াতে অতিরিক্ত ফ্রিকোয়েন্সি, ট্রান্সমিটার এবং সহায়ক পরিকাঠামোর প্রয়োজন হত। এই সীমাবদ্ধতার কারণে সারা দেশে টেলিভিশন পরিষেবা সম্প্রসারণ ধীরে ধীরে এগিয়েছে।
স্থলভিত্তিক ট্রান্সমিটারের আওতার বাইরে টেলিভিশন পরিষেবা পৌঁছে দিতে বিকল্প প্রযুক্তির প্রয়োজন দেখা দেয়। উপগ্রহ-নির্ভর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অনেক বড় ভৌগোলিক এলাকায় টেলিভিশন সংকেত পাঠানো সম্ভব হয়। এর ফলে, উপগ্রহনির্ভর সম্প্রচার এবং আরও বিস্তৃত জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক গড়ে তোলার পথ তৈরি হয়।
উপগ্রহ ও রঙিন সম্প্রচার: টেলিভিশনের পরিসর বৃদ্ধি (১৯৭৫-১৯৮৮)
১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় ভারতের টেলিভিশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। ১৯৭৬ সালের মধ্যে ভারতের স্থলভিত্তিক সম্প্রচার নেটওয়ার্কে আটটি কেন্দ্র ছিল। এই কেন্দ্রগুলির সাহায্যে ৭৫,০০০ বর্গকিলোমিটার এলাকার ৪.৫ কোটি মানুষের কাছে সম্প্রচার পৌঁছাতো। উপগ্রহ প্রযুক্তি এবং রঙিন সম্প্রচারের সূচনা টেলিভিশনের পরিসর ও দর্শন-অভিজ্ঞতায় পরিবর্তন আনে। দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই সম্প্রসারণকে ত্বরান্বিত করে। এর ফলে, শহরের বাইরেও টেলিভিশন পৌঁছতে শুরু করে।
প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল Satellite Instructional Television Experiment (SITE)। ১৯৭৫ সালের আগস্ট থেকে ১৯৭৬ সালের জুলাই পর্যন্ত এই পরীক্ষামূলক কর্মসূচি চলে। উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে ছয়টি রাজ্যের বিভিন্ন গ্রামে সরাসরি শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। শিক্ষা এবং আর্থ-সামাজিক বিকাশে টেলিভিশনের ব্যবহারই ছিল এই পরীক্ষার লক্ষ্য। ভৌগোলিক বাধা অতিক্রমে উপগ্রহ প্রযুক্তির কার্যকারিতা SITE প্রমাণ করে। শিক্ষা ও জনসংযোগের মাধ্যম হিসেবে টেলিভিশনের সম্ভাবনাও এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
এর পরবর্তী গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল Indian National Satellite (INSAT) ব্যবস্থা। ১৯৮২ সালের এপ্রিল মাসে উৎক্ষেপিত INSAT-1A ছিল ভারতের প্রথম প্রজন্মের কার্যকর দেশীয় যোগাযোগ উপগ্রহ। এর মাধ্যমে দিল্লি থেকে দেশের বিভিন্ন আঞ্চলিক সম্প্রচার কেন্দ্রে একই অনুষ্ঠান পাঠানো সম্ভব হয়। তবে, ১৯৮৩ সালে INSAT-1A-র ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।
১৯৮৩ সালের আগস্ট মাসে উৎক্ষেপিত INSAT-1B এই উদীয়মান জাতীয় সম্প্রচার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে। ১৯৮৩ সালের অক্টোবর মাসে উপগ্রহটি সম্পূর্ণভাবে কার্যকর হয়। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি, অন্যান্য যোগাযোগ পরিষেবাতেও এই উপগ্রহ সহায়তা করে। দূরদর্শনের আঞ্চলিক কেন্দ্রগুলির মধ্যে উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত করে INSAT-1B।
স্থলভিত্তিক সম্প্রচারে নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমিত ভূমিভিত্তিক ট্রান্সমিটারের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে, উপগ্রহ যোগাযোগের মাধ্যমে অনেক বিস্তৃত এলাকায় টেলিভিশনের সংকেত পৌঁছে দেওয়া সম্ভব। একটি উপগ্রহ তার যোগাযোগের আওতাভুক্ত একাধিক অঞ্চলে সংকেত পাঠাতে পারে। এর ফলে, প্রত্যন্ত এবং আগে পরিষেবার বাইরে থাকা এলাকাতেও টেলিভিশন পৌঁছানো সহজ হয়।
উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার দুটি প্রধান অংশ রয়েছে। একটি হল ভূমিভিত্তিক অংশ এবং অন্যটি মহাকাশভিত্তিক অংশ। ভূমিভিত্তিক অংশে থাকে আর্থ স্টেশন এবং সংশ্লিষ্ট সংকেত প্রেরণ ও গ্রহণের সরঞ্জাম। মহাকাশভিত্তিক অংশে থাকে উপগ্রহ এবং তার সঙ্গে যুক্ত ট্রান্সপন্ডার। এগুলি যোগাযোগের সংকেত গ্রহণ ও পুনরায় সম্প্রচার করে।
সম্প্রচারের প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে আপলিঙ্কের মাধ্যমে আর্থ স্টেশন থেকে উপগ্রহে টেলিভিশনের সংকেত পাঠানো হয়। আর্থ স্টেশন নির্দিষ্ট আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ব্যবহার করে উপগ্রহের দিকে সংকেত পাঠায়। উপগ্রহের ট্রান্সপন্ডার সেই সংকেত গ্রহণ করে, তার শক্তি বাড়ায় এবং অন্য একটি ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত করে। এরপর ডাউনলিঙ্কের মাধ্যমে সংকেতটি পৃথিবীতে ফেরত পাঠানো হয়।
পরবর্তী পর্যায়ে ভূমিতে থাকা গ্রাহক কেন্দ্রগুলি ডাউনলিঙ্কের সংকেত গ্রহণ করে। এরপর দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই সংকেত টেলিভিশন ট্রান্সমিটার অথবা কেবল বিতরণ নেটওয়ার্কে পাঠানো হয়। গ্রাহকের বাড়িতে থাকা ডিশ অ্যান্টেনার মাধ্যমেও সরাসরি উপগ্রহের সংকেত গ্রহণ করা যায়। অর্থাৎ, দীর্ঘ দূরত্বে সংকেত পাঠানোর কাজটি উপগ্রহ যোগাযোগের মাধ্যমে হয়। আর স্থলভিত্তিক ট্রান্সমিটার ও কেবল নেটওয়ার্ক শেষ পর্যায়ে সেই সংকেত দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে।
উপগ্রহের মাধ্যমে যোগাযোগ এবং রঙিন সম্প্রচারের এই সমন্বয় ভারতের টেলিভিশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। টেলিভিশনের ভৌগোলিক পরিসর বাড়ার পাশাপাশি, দর্শকদের অনুষ্ঠান দেখার অভিজ্ঞতাও উন্নত হয়। ১৯৯০-এর দশকের গোড়ায় বেসরকারি উপগ্রহ চ্যানেলের সূচনা পরবর্তী পর্যায়ের পথ প্রশস্ত করে। ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে কেবল টেলিভিশন নেটওয়ার্কের প্রসারে ভারতীয় পরিবারগুলির সামনে আরও বেশি চ্যানেল বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়।
জানেন কি? উপগ্রহের ফুটপ্রিন্ট বলতে পৃথিবীর সেই অঞ্চলকে বোঝায়, যেখানে ওই উপগ্রহের সংকেত গ্রহণ করা সম্ভব। ওই এলাকার মধ্যে যে কোনও জায়গায় ডিশ অ্যান্টেনা বসালে উপগ্রহের সম্প্রচার ধরা যায়। কিন্তু এই এলাকার বাইরে সংকেত দুর্বল হয়ে পড়ে অথবা একেবারেই পাওয়া যায় না।
বহু-চ্যানেলের যুগ: কেবল ও উপগ্রহ টেলিভিশন (১৯৯০-২০০৫)
এই সময় ভারতের টেলিভিশন ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটে। CNN-এর মাধ্যমে আন্তর্জাতিক উপগ্রহ চ্যানেলগুলি প্রথম ভারতীয় দর্শকদের কাছে পৌঁছতে শুরু করে। Star TV এবং Zee TV-র সূচনা উপগ্রহ টেলিভিশনের প্রসারকে আরও ত্বরান্বিত করে। Sun TV-সহ দেশীয় সম্প্রচার সংস্থাগুলিও এই উদীয়মান বহু-চ্যানেলের বাজারে প্রবেশ করে।
ডিরেক্ট-টু-হোম ও ডিজিটাল সম্প্রচার (২০০৩-২০১৭)
ভারতের টেলিভিশন বিবর্তনের পরবর্তী পর্যায়ে DTH পরিষেবার প্রসার এবং অ্যানালগ থেকে ডিজিটাল সম্প্রচারে উত্তরণ বিশেষ গুরুত্ব পায়। ২০০৩ সালের অক্টোবর মাসে Dish TV ভারতের প্রথম বাণিজ্যিক DTH পরিষেবা শুরু করে। ২০০৪ সালের ডিসেম্বর মাসে Prasar Bharati দূরদর্শনের DD Direct Plus শুরু করে। বর্তমানে এটি DD Free Dish নামে পরিচিত। এই পরিষেবায় বিনামূল্যে সম্প্রচার গ্রহণের সুযোগ ছিল। এর জন্য মাসিক গ্রাহক-চাঁদা দিতে হত না। এই উদ্যোগগুলির ফলে, স্যাটেলাইট টেলিভিশনের সুযোগ আরও বিস্তৃত হয়। বিশেষ করে যেখানে কেবল সংযোগ সীমিত ছিল, সেখানেও পরিষেবা পৌঁছাতে শুরু করে।
আধুনিক সম্প্রচার: উদীয়মান প্রযুক্তি ও নতুন দিগন্ত (২০১৮ থেকে বর্তমান)
২০১৮ সাল থেকে ইন্টারনেট সংযোগ, ডিজিটাল মঞ্চ এবং সংযুক্ত যন্ত্রের প্রসারের সঙ্গে ভারতের সম্প্রচার ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটেছে। টেলিভিশন দেখা আর প্রচলিত টেলিভিশন সেট অথবা নির্দিষ্ট সময়ের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। দর্শকরা এখন স্মার্টফোন, কম্পিউটার এবং স্মার্ট টিভির মাধ্যমেও অনুষ্ঠান দেখতে পারেন। Over-the-top (OTT) মঞ্চ বিভিন্ন যন্ত্র ও স্থান থেকে নিজেদের পছন্দমতো সময়ে অনুষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে Prasar Bharati তাদের OTT ডিজিটাল স্ট্রিমিং মঞ্চ WAVES শুরু করে। এর মাধ্যমে ডিজিটাল দর্শকদের কাছে জনপরিষেবামূলক সম্প্রচারের বিষয়বস্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এবছর নভেম্বর পর্যন্ত WAVES-এ নথিভুক্ত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৬ কোটি।
সম্প্রচারের ভবিষ্যৎ নির্মাণ
ভারতের টেলিভিশন ব্যবস্থা একটি পরীক্ষামূলক সম্প্রচার পরিষেবা থেকে বিবর্তিত হয়ে বহুমাধ্যমভিত্তিক বিস্তৃত নেটওয়ার্কে পরিণত হয়েছে। দূরদর্শনের চ্যানেলের সংখ্যা ২০১০ সালের ১৭টি থেকে বেড়ে বর্তমানে ৩৫টি হয়েছে।[১] DD Free Dish-এ শিক্ষামূলক চ্যানেল-সহ মোট ৪৮২টি চ্যানেল রয়েছে। আগে এই সংখ্যা ছিল ৫৯।[২]
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সংখ্যা ২০১০-১১ অর্থবর্ষের ৬০৩টি থেকে বেড়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অনুমোদিত চ্যানেলের সংখ্যা হয়েছে ৯১৭টি। এর মধ্যে ভারতে ডাউনলিঙ্কের জন্য উপলব্ধ ছিল ৯০৮টি চ্যানেল। সেগুলির মধ্যে ৩৪২টি পে চ্যানেল এবং ৫৬৬টি বিনামূল্যে সম্প্রচারিত (FTA) চ্যানেল। পে চ্যানেলগুলির মধ্যে ২৩৮টি ছিল স্ট্যান্ডার্ড ডেফিনিশন (SD) এবং ১০৪টি হাই ডেফিনিশন (HD) চ্যানেল।[৩] ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বেসরকারি পে DTH পরিষেবার সক্রিয় গ্রাহকসংখ্যা ছিল ৪৯.০৫ মিলিয়ন। দূরদর্শনের DTH পরিষেবা সারা দেশে ১০০ শতাংশ ভৌগোলিক এবং জনসংখ্যাভিত্তিক কভারেজ প্রদান করে।
স্থলভিত্তিক সম্প্রচার, উপগ্রহ, কেবল, DTH এবং ডিজিটাল মঞ্চের সম্মিলিত ব্যবস্থায় শহর, গ্রাম ও প্রত্যন্ত এলাকার পরিবারগুলির কাছে টেলিভিশন পৌঁছে যাচ্ছে। প্রযুক্তির সমন্বয় এবং ডিজিটাল পরিষেবার প্রসার সম্প্রচারের ভবিষ্যৎকে ক্রমশ প্রভাবিত করবে। হাই ডেফিনিশন সম্প্রচার, ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান পৌঁছে দেওয়া এবং ইন্টারনেটভিত্তিক মঞ্চ দর্শকদের অনুষ্ঠান দেখার পদ্ধতি ও অভিজ্ঞতায় পরিবর্তন আনছে। প্রচলিত টেলিভিশন নেটওয়ার্কের গণ্ডি পেরিয়ে সম্প্রচার ব্যবস্থা আরও নমনীয় ও সংযুক্ত পরিষেবার দিকে এগোচ্ছে। এই পরিবর্তনে সরকারি ও বেসরকারি সম্প্রচার সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিকাঠামোর সম্প্রসারণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিভিন্ন মঞ্চের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভারতের সম্প্রচার ব্যবস্থা ক্রমশ বিবর্তিত হচ্ছে। এর লক্ষ্য বিভিন্ন ধরনের দর্শকের চাহিদা এবং পরিবর্তিত অনুষ্ঠান দেখার পছন্দ অনুযায়ী পরিষেবা দেওয়া। এই অগ্রগতি আরও সহজলভ্য, সংযুক্ত এবং ভবিষ্যতের উপযোগী সম্প্রচার ব্যবস্থার ভিত্তি তৈরি করছে।
তথ্যসূত্র
Prasar Bharati
PIB Archives
PIB Backgrounder
ISRO
Ministry of Education
Ministry of Communications
Ministry of Information & Broadcasting
Others
India’s Television Broadcasting Shift
***
SSS/S Saha