57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ভারতে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রক্রিয়া সহজ, বিশ্বব্যাপী প্রযোজনার গন্তব্য হিসেবে ভারতের আকর্ষণ বৃদ্ধি

প্রকাশিত: 22 NOV 2026 4:44PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340223Views: 4

গোয়া, ২২ নভেম্বর ২০২৬

 

বিশ্বব্যাপী চলচ্চিত্র শুটিং ও প্রযোজনার গন্তব্য হিসেবে ভারতের ক্রমবর্ধমান সম্ভাবনা ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে উঠে আসে। দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেন নীতিনির্ধারক ও চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

 

‘Filming Made Easy: India’s Rise as a Global Filming and Production Hub’ শীর্ষক প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী পৃথুল কুমার, স্ক্রিন অস্ট্রেলিয়ার চিফ অপারেটিং অফিসার মিস গ্রেইন ব্রান্ডসন এবং প্রবীণ অভিনেতা, পরিচালক ও প্রযোজক শ্রী অনুপম খের।

 

আলোচনায় উঠে আসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে গড়ে ওঠা এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম ইন্ডিয়া সিনে হাব কীভাবে ভারতে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াকে সহজতর করে তুলছে। চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক রাজীব মাসান্দ এই আলোচনাটি পরিচালনা করেন।

 

আলোচনার সূচনা করে শ্রী কুমার বলেন, ইন্ডিয়া সিনে হাব পোর্টালে রাজ্য সরকারগুলিকে অন্তর্ভুক্ত করা চলচ্চিত্র শুটিংয়ের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন চলচ্চিত্র নির্মাতারা একটি অভিন্ন আবেদনপত্রের মাধ্যমে একক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে পারেন। এর মধ্যে রয়েছে পুরসভা, ট্রাফিক বিভাগ, ভারতীয় রেল এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

 

তিনি আরও জানান, এই প্ল্যাটফর্মে প্রায় ৩২টি পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনকারীরা ড্যাশবোর্ডের মাধ্যমে তাঁদের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী, নিরাপদ পেমেন্ট লিঙ্কের মাধ্যমে অর্থ জমা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ডিজিটাল স্কাই প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ ড্রোন ব্যবহারের অনুমতিগুলিও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

ভারতে চলচ্চিত্র শুটিংয়ের ক্রমবর্ধমান সুবিধার কথা তুলে ধরে শ্রী কুমার উল্লেখ করেন, আন্তর্জাতিক চলচ্চিত্র শুটিংয়ের অনুমতি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ২৮ দিন হলেও, ২০১৫ সাল থেকে গড়ে মাত্র ১৮ দিনের মধ্যে এই অনুমতিগুলি প্রদান করা হচ্ছে। তিনি মধ্যপ্রদেশের ‘ডিমড অ্যাপ্রুভাল’ বা স্বয়ংক্রিয় অনুমোদন ব্যবস্থার কথাও উল্লেখ করেন। এই ব্যবস্থায় ১৫ দিনের মধ্যে কোনও সিদ্ধান্ত জানানো না হলে আবেদনটিকে অনুমোদিত বলে গণ্য করা হয়।

 

ভারতে চলচ্চিত্র শুটিং ও যৌথ প্রযোজনার ক্রমবর্ধমান আকর্ষণের কথা উল্লেখ করে শ্রী কুমার জানান, এই ধরনের সুযোগের জন্য ভারতের সঙ্গে যোগাযোগকারী আন্তর্জাতিক প্রযোজনার সংখ্যা বছরে ২৫–৩০ থেকে বেড়ে ১০০–২০০ হয়েছে। তিনি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত পেশাদার ও পরিষেবা প্রদানকারীদের এই পোর্টালে নিবন্ধনের আহ্বান জানান, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতারা ভারতের প্রযোজনা সংক্রান্ত পরিকাঠামো ও পরিষেবাগুলি সহজেই খুঁজে পেতে এবং ব্যবহার করতে পারেন।

 

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা প্রসঙ্গে মিস ব্রান্ডসন বলেন, ভারতের বৈচিত্র্যময় শুটিং লোকেশন, দক্ষ চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের সঙ্গে গভীর আবেগের সংযোগ দেশটিকে আন্তর্জাতিক সহযোগিতার জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় চলচ্চিত্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি জানান, গত বছর অস্ট্রেলিয়ায় অস্ট্রেলীয় চলচ্চিত্রের তুলনায় বেশি দর্শক একটি ভারতীয় চলচ্চিত্র দেখেছেন। দুই দেশের ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্যা এবং সাংস্কৃতিক, শিক্ষাগত, ক্রীড়া ও বাণিজ্যিক ক্ষেত্রে দৃঢ় সম্পর্ক যৌথভাবে গল্প বলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে বলেও তিনি মত প্রকাশ করেন।

 

চলচ্চিত্র নির্মাণে সরকারি সহায়তার গুরুত্ব তুলে ধরে মিস ব্রান্ডসন বলেন, “প্রতিটি চলচ্চিত্রই একটি স্টার্ট-আপ এবং এক অলৌকিক সৃষ্টি। এর সূচনা হয় একটি স্বপ্ন বা ভাবনা থেকে, আর সেটিকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন নিষ্ঠা, আবেগ এবং অন্যদের সহযোগিতা।”

 

তিনি আরও বলেন, সফল যৌথ প্রযোজনা শুধুমাত্র আর্থিক সহযোগিতা ও ঝুঁকি ভাগ করে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা সৃজনশীল আদান-প্রদানের সুযোগও তৈরি করে। ভারত ও অস্ট্রেলিয়ার চলচ্চিত্র নির্মাতারা পরস্পরের গল্প বলার ঐতিহ্য থেকে শিক্ষা নিতে পারেন এবং প্রবাসী জীবনের অভিজ্ঞতা-সহ বিভিন্ন অভিন্ন বিষয়কে কেন্দ্র করে এমন গল্প নির্মাণ করতে পারেন, যা দুই দেশের দর্শকদের কাছেই সমানভাবে আবেদন সৃষ্টি করবে।

 

ইন্ডিয়া সিনে হাব প্ল্যাটফর্ম চালু করার জন্য ভারত সরকারের উদ্যোগের প্রশংসা করে শ্রী অনুপম খের বলেন, চলচ্চিত্র শুটিংয়ের অনুমতি পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। ভারতের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, খাদ্য, পোশাক এবং সাংস্কৃতিক পরিবেশ চলচ্চিত্র নির্মাতাদের সামনে অসাধারণ সৃজনশীল সম্ভাবনার দ্বার খুলে দেয়। সিনেমা যে ভৌগোলিক সীমানা অতিক্রম করে, তা উল্লেখ করে তিনি বলেন, “আবেগের কোনও আলাদা জাতীয়তা নেই। আপনার শুধু শুটিং করার সুযোগটুকু প্রয়োজন।”

 

শ্রী খের আরও উল্লেখ করেন, একক জানালা ব্যবস্থাটি শুধুমাত্র প্রতিষ্ঠিত প্রযোজকদেরই নয়, নবাগত, চিত্রনাট্যকার, প্রযোজনা সংক্রান্ত পেশাদার এবং ভবিষ্যৎ পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদেরও উপকৃত করে। তবে অনুমতি পাইয়ে দেওয়ার নামে চলচ্চিত্র নির্মাতাদের শোষণ করতে পারে—এমন মধ্যস্বত্বভোগীদের আবির্ভাব সম্পর্কে তিনি সতর্ক করেন।

এই আলোচনা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে ভারতের একটি পছন্দের গন্তব্য হয়ে ওঠার ক্রমবর্ধমান সম্ভাবনাকে তুলে ধরে। অনুমতি প্রদানের সরলীকৃত প্রক্রিয়া, বৈচিত্র্যময় শুটিং লোকেশন এবং সৃজনশীল সহযোগিতার সুযোগ এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রের সাংস্কৃতিক ও সৃজনশীল আদান-প্রদানের মঞ্চ হিসেবে IFFI-এর ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এই অধিবেশনে তুলে ধরা হয়, শিল্পক্ষেত্রে আরও দৃঢ় অংশীদারিত্ব এবং চলচ্চিত্র নির্মাণের অনুকূল পরিবেশ কীভাবে বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

 

IFFILOID পড়ুন এখানে: 

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340223
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026