গোয়া, ২১ নভেম্বর ২০২৬
দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উত্তর-পূর্ব ভারত, দেশের নানা অঞ্চলের গল্প, সংস্কৃতি ও সৃজনশীল ভাবনা ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে। ভাষা ও চলচ্চিত্র নির্মাণের ধরন আলাদা হলেও মানুষের আবেগই এই গল্পগুলিকে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের সঙ্গে যুক্ত করে। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬-এর ফিচার ফিল্ম বিভাগের জুরি বোর্ডের চেয়ারম্যান তথা চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকর ৪০৪টি জমা পড়া ছবির মধ্যে থেকে ২৫টি ছবি বেছে নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।
ছবি বাছাইয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে মধুর ভান্ডারকর বলেন, জুরির সদস্যরা বিভিন্ন ধরনের ছবি দেখেছেন এবং আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এই অভিজ্ঞতা ছিল অত্যন্ত সমৃদ্ধ। চলচ্চিত্র উৎসব থেকে অনেক কিছু শেখা যায় এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। চূড়ান্তভাবে নির্বাচিত ছবিগুলি নিয়ে জুরি বোর্ড সন্তুষ্ট বলেও তিনি জানান। মারাঠি, লাদাখি ও মালয়ালাম ভাষার কয়েকটি ছবির কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ছবিগুলি জুরি সদস্যদের মনে গভীর ছাপ ফেলেছে বলে জানান।
ছবি নির্বাচনের ক্ষেত্রে মৌলিক ভাবনা ও দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট কলাম লেখক তথা জুরি সদস্য ভারতী প্রধান। তিনি বলেন, জুরি বোর্ড এমন ছবি বেছে নেওয়ার চেষ্টা করেছে, যেগুলিতে নিজস্ব ভাবনা বজায় রাখার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে। নির্বাচিত ছবিগুলিতে দেশের নানা অঞ্চলের প্রতিনিধিত্ব থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও জানান, মেনস্ট্রিম সিনেমা বিভাগের ছবি নির্বাচনের মাপকাঠি ইন্ডিয়ান প্যানোরামা ফিচার ফিল্ম বিভাগের থেকে আলাদা।
অভিনেত্রী তথা জুরি সদস্য বিন্দু চন্দ্রমৌলির কাছে দেশের বিভিন্ন প্রান্তের ছবি দেখা ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার মতো অভিজ্ঞতা। ভাষা, নির্মাণশৈলী ও ছবির ধরন আলাদা হলেও প্রতিটি ছবির গল্পে মানুষের আবেগের মিল খুঁজে পেয়েছেন তিনি। দর্শকদের নিজের ভাষার বাইরের ছবিও দেখার আহ্বান জানান তিনি। বিশেষ করে তেলুগু ভাষার দর্শকদের অন্য ভাষার ছবি দেখতে এবং গল্প বলার নানা ধরন উপভোগ করতে উৎসাহিত করেন।
চিত্রগ্রাহক তথা জুরি সদস্য এম. এস. প্রভু এই অভিজ্ঞতাকে ভারতের এক ভার্চুয়াল ভ্রমণ বলে বর্ণনা করেন। তাঁর মতে, বিভিন্ন অঞ্চলের ছবি দেখতে গিয়ে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিচয় পাওয়া গেছে। ছবিগুলির গল্প ও আবেগের মধ্যেও মিল খুঁজে পেয়েছেন জুরি সদস্যরা। নতুন পরিচালকদের কাজেরও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, ছবি নির্বাচনের এই প্রক্রিয়া থেকেও অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।
নির্বাচিত ছবিগুলি সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে চিত্রগ্রাহক তথা জুরি সদস্য কে. এস. শিবরামন বলেন, কয়েকটি ছবির গল্প ও আবেগ তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে, সেগুলির কয়েকটি দক্ষিণ ভারতের দর্শকদের জন্য নতুনভাবে নির্মাণ করার কথাও তাঁর মনে হয়েছে। জুরি সদস্য সোহম পি. শাহ ছবি নির্বাচনের ক্ষেত্রে ছবির বার্তার গুরুত্বের কথা তুলে ধরেন।
মেনস্ট্রিম সিনেমা বিভাগে পাঁচটি ছবি নির্বাচনের বিষয়েও আলোচনা করেন জুরি সদস্যরা। মধুর ভান্ডারকর জানান, ছবিগুলির সম্ভাবনা, ভাবনা ও বিষয়বস্তু বিবেচনা করে সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন শ্রী রাজিথ চন্দ্রন।
নির্বাচিত ফিচার ফিল্মের তালিকায় ইন্ডিয়ান প্যানোরামা ফিচার ফিল্ম বিভাগে ২০টি এবং মেনস্ট্রিম সিনেমা বিভাগে পাঁচটি ছবি রয়েছে। আদিত্য ধর পরিচালিত হিন্দি ছবি ‘ধুরন্ধর’ ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬-এর উদ্বোধনী ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে। এ ছাড়াও ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে ২০টি নন-ফিচার ছবি নির্বাচিত হয়েছে।
জুরি সদস্যদের বক্তব্যে ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য স্পষ্ট হয়ে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব পরিচয় ও চলচ্চিত্র নির্মাণের ধরন আলাদা হলেও মানুষের আবেগের মিল গল্পগুলিকে একসূত্রে বাঁধে। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে সমকালীন ভারতীয় সিনেমার এই বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ছবি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
IFFILOID পড়ুন : https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/AS