57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম আইএফএফআই-তে চলচ্চিত্র শিল্পের প্রবীণরা ফিল্ম স্কুলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করলেন

প্রকাশিত: 22 NOV 2026 7:43PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340260Views: 2

গোয়া, ২২ নভেম্বর, ২০২৬

 


সিনেমা কি শেখানো যায়, নাকি তা আবিষ্কার করতে হয়? এই প্রশ্নটিই আজ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এ চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি আয়োজিত ‘অশিক্ষণীয় কাঠামো: সিনেমা কি শেখানো যায়, নাকি তা আবিষ্কার করতে হয়?’ শীর্ষক একটি প্যানেল আলোচনার মূল সুর নির্ধারণ করে দেয়। এই আলোচনায় সৃজনশীল প্রতিভার বিকাশ, কারিগরি দক্ষতা প্রদান এবং চলচ্চিত্র শিল্পের চাহিদা মেটাতে আগ্রহী নির্মাতাদের প্রস্তুত করার ক্ষেত্রে ফিল্ম স্কুলগুলির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া করা হল। 

প্যানেলে উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং অন্নপূর্ণা কলেজ অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক অমলা আক্কিনেনি; অভিনেতা এবং ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এর প্রতিষ্ঠাতা অনুপম খের; সাংস্কৃতিক সাংবাদিক, ওয়ারশ ফিল্ম স্কুলের আন্তর্জাতিক সহযোগিতার উপ-রেক্টর, সামার ফিল্ম একাডেমির প্রোগ্রাম ডিরেক্টর, টোফিফেস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার এবং ফিপরেস্কি সদস্য আর্তুর ডাবোরস্কি; ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-এর প্রাক্তন পরিচালক ভূপেন্দ্র কাঁইথোলা;  এবং তামিল, তেলুগু ও মালয়ালম চলচ্চিত্র শিল্পের চিত্রগ্রাহক এবং সিনেমা ফ্যাক্টরি একাডেমির পরামর্শদাতা ও প্রতিষ্ঠাতা মনোজ পরমহংস। অধিবেশনটি সঞ্চালনা করেন বিক্রমজিৎ রায়, যিনি সনি পিকচার্স ইন্ডিয়া এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি)-তে নেতৃত্বস্থানীয় পদে অধিষ্ঠিত ছিলেন।

অমলা আক্কিনেনি চলচ্চিত্র নির্মাণের সহযোগিতামূলক প্রকৃতির উপর আলোকপাত করে বলেন যে, ফিল্ম স্কুলগুলি এমন একটি পরিবেশ প্রদান করে যেখানে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করতে শেখে এবং চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন শাখার পারস্পরিক নির্ভরশীলতা বুঝতে পারে। তিনি চলচ্চিত্র শিক্ষাবিদদের প্রচলিত গতানুগতিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে এবং আরও বেশি নারীকে চলচ্চিত্র নির্মাণে পেশাদার প্রশিক্ষণ নিতে উৎসাহিত করার আহ্বান জানান। প্রতিশ্রুতিবদ্ধতার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতাদের অতিরিক্ত পরিশ্রম করার মানসিকতা গড়ে তোলার জন্য অনুরোধ করেন।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অনুপম খের একজন অভিনেতার দক্ষতা গঠনে আনুষ্ঠানিক প্রশিক্ষণের গুরুত্বের উপর জোর দেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)-তে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, “আমি যদি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে না যেতাম, তাহলে আজ এখানে বসে থাকতাম না।”

তাঁর অভিষেক চলচ্চিত্র ‘সারাংশ’-এর কথা উল্লেখ করে, যেখানে তিনি ২৮ বছর বয়সে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন, চ্যালেঞ্জিং ভূমিকাটি গ্রহণ করার জন্য তাঁর এনএসডি প্রশিক্ষণকে কৃতিত্ব দেন খের। তিনি পর্যবেক্ষণ, কল্পনা এবং আবেগপূর্ণ স্মৃতিকে একজন অভিনেতার তিনটি অপরিহার্য গুণ হিসেবে চিহ্নিত করেন। তিনি ব্যাখ্যা করে বলেন, ব্যক্তির অভিজ্ঞতাগুলি স্মৃতিতে সংরক্ষিত থাকে এবং চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে।

অভিনয়কে নয়টি আবেগ বা নবরসের সঙ্গে সংযোগ স্থাপন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একজন অভিনেতাকে একটি দৃশ্য, অনুক্রম বা গল্পের চাহিদা অনুযায়ী সেই আবেগগুলি স্মরণ করতে এবং প্রকাশ করতে সক্ষম হতে হবে। ফিল্ম স্কুলগুলি উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের এই আবেগগুলি বুঝতে, অনুশীলন করতে এবং কার্যকরভাবে প্রকাশ করতে সাহায্য করে। তরুণ অভিনেতাদের দৈনন্দিন জীবন থেকে অনুপ্রেরণা নিতে পরামর্শ দিয়ে তিনি বলেন, “প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে কিছু না কিছু শেখায়। একজন মানুষ হিসেবে আপনি যা শিখবেন, তা আপনার অভিনয়ে সাহায্য করবে।”

খের, তরুণ অভিনেতাদের আত্মতুষ্টির বিরুদ্ধেও সতর্ক করেন এবং বলেন, দক্ষতা কখনও কখনও প্রতিভার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, শিল্পীদের অবশ্যই তাদের দক্ষতা এবং শিল্পকলা উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে হবে।

আর্তুর ডাবোরস্কি জোর দিয়ে বলেন, চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজন অবিরাম অনুশীলন, অভিজ্ঞতা এবং সারা বিশ্বের সিনেমার সঙ্গে পরিচিতি। তিনি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন চলচ্চিত্র ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং বিভিন্ন প্রেক্ষাপটের চলচ্চিত্র ও পেশাদারদের সঙ্গে যুক্ত হতে সক্ষম করার ক্ষেত্রে চলচ্চিত্র উৎসবগুলির ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, যারা মৌলিক কিছু তৈরি করতে চান, সেইসব চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্ব চলচ্চিত্রের অগ্রগতি বোঝা অপরিহার্য।

ওয়ারশ ফিল্ম স্কুলে অনুসৃত পদ্ধতির কথা উল্লেখ করে ডাবোরস্কি বলেন, শিক্ষার্থীদের একটি সহায়ক প্রাতিষ্ঠানিক পরিবেশে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করা হয়, যা তাদের পরীক্ষা-নিরীক্ষা করতে এবং নিজেদের ভুল থেকে শিখতে সাহায্য করে। তিনি উল্লেখ করেন, এই ধরনের সুযোগ গুরুত্বপূর্ণ, কারণ পেশাদার চলচ্চিত্রের সেটে করা ভুলের গুরুতর আর্থিক এবং বাস্তব পরিণতি হতে পারে।

তিনি চলচ্চিত্র নির্মাণের ব্যবসায়িক দিকগুলির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যার মধ্যে রয়েছে প্রযোজকদের কাছে প্রকল্প উপস্থাপন, তহবিল সংগ্রহ এবং পেশাদার পরিমণ্ডল বোঝা। তিনি আরও যোগ করেন, চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ এই প্রস্তুতির একটি অবিচ্ছেদ্য অংশ।

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবগুলি কী ধরনের চলচ্চিত্র খোঁজে, সে সম্পর্কে বলতে গিয়ে ডাবোরস্কি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের যা তাদের অস্বস্তিতে ফেলে বা যা মেনে নেওয়া তাদের জন্য কঠিন, এমন বিষয় নিয়ে কাজ করতে উৎসাহিত করেছেন। তিনি উল্লেখ করেন, উৎসবগুলি এমন চলচ্চিত্রকে গুরুত্ব দেয় যা গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক উদ্বেগের সঙ্গে অর্থপূর্ণভাবে জড়িত।

ভূপেন্দ্র কাঁইথোলা শৈল্পিক অভিব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে সম্পর্কের উপর আলোকপাত করেন। চলচ্চিত্র পেশায় আগ্রহীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, “শিল্প আবিষ্কার করা যায়, কিন্তু কৌশল শেখাতে হয়।”

তিনি পর্যবেক্ষণ করেন, চলচ্চিত্র নির্মাণে সাফল্যের জন্য সৃজনশীলতার পাশাপাশি শৃঙ্খলা, কাঠামোগত শিক্ষা এবং পেশাদার প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। এফটিটিআই-তে তার অভিজ্ঞতার কথা উল্লেখ করে কাঁইথোলা বলেন যে, পরিবারের গতানুগতিক পেশাগত প্রত্যাশা সত্ত্বেও অনেক শিক্ষার্থী চলচ্চিত্র শিক্ষা বেছে নেয়। তিনি বলেন, এফটিটিআই-এর মতো সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব হলো এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করা যেখানে তাদের সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষা বিকশিত হতে পারে।

মনোজ পরমহংস জোর দিয়ে বলেন, পেশাদার চলচ্চিত্রের সেটগুলি একাধিক বাস্তব সীমাবদ্ধতার মধ্যে কাজ করে, যা নতুনদের জন্য পরীক্ষা-নিরীক্ষা এবং ভুল থেকে শেখার সুযোগ সীমিত করে দেয়।

তাই, ফিল্ম স্কুলগুলো একটি কাঠামোগত পরিবেশে চলচ্চিত্র নির্মাণের মৌলিক বিষয়গুলো শেখানোর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে। তিনি বলেন, কারিগরি দক্ষতার বাইরেও, তারা শিক্ষার্থীদের মানবসম্পদ পরিচালনা, দল সমন্বয় এবং সম্মিলিতভাবে কাজ করার জন্য প্রস্তুত করে, যা একটি চলচ্চিত্র প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্যানেলটি চলচ্চিত্র শিক্ষা এবং চলচ্চিত্র নির্মাণের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব নিয়েও আলোচনা করে।

মনোজ পরমহংস তাঁর পর্যবেক্ষণে বলেন, পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে সহজ করতে, প্রাথমিক স্টোরিবোর্ড তৈরি করতে এবং প্রোডাকশনের কর্মপ্রবাহ উন্নত করতে এআই ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতি ভিজ্যুয়ালস প্রোডাকশনকেও রূপান্তরিত করেছে, যা চলচ্চিত্র নির্মাতাদের শুটিংয়ের পরেও পটভূমি পরিবর্তন করতে এবং অত্যাধুনিক ভিজ্যুয়ালস পরিবেশ তৈরি করতে সক্ষম করে।

প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে অনুপম খের জোর দিয়ে বলেন, সৃজনশীল অভিব্যক্তির কেন্দ্রবিন্দুতে মানবিক আবেগই থাকে। এআই-নির্মিত ভার্চুয়াল অবতারের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি হয়তো ছবি এবং অভিনয় তৈরি করতে পারে, কিন্তু মানুষ অভিনয়ে যে হৃদয় ও আত্মা নিয়ে আসে, তা অনুকরণ করতে পারে না।

আলোচনাটি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ব্যবহারিক অভিজ্ঞতা এবং পরীক্ষা-নিরীক্ষার সমন্বয়ের মাধ্যমে সৃজনশীল প্রতিভা বিকাশে ফিল্ম স্কুলগুলোর চলমান প্রাসঙ্গিকতার ওপর জোর দিয়েছে। এটি উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতাদের অভিযোজনক্ষম, প্রযুক্তি-সচেতন এবং ক্রমাগত শেখা ও নতুনত্ব আনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করেছে।

২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিতব্য ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ভারত এবং সারা বিশ্ব থেকে চলচ্চিত্র নির্মাতা, শিল্প পেশাদার এবং চলচ্চিত্র অনুরাগীদের একত্রিত করেছে। চলচ্চিত্র প্রদর্শনী, মাস্টারক্লাস এবং আলাপচারিতামূলক আলোচনার মাধ্যমে এই উৎসবটি চলচ্চিত্র বিষয়ক আদান-প্রদান, শিক্ষা এবং সহযোগিতার একটি মঞ্চ প্রদান করছে।

    


SC/AP/SKD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340260
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026