গোয়া, ২১ নভেম্বর ২০২৬
গিরিশ কাসারাভাল্লির কাছে সিনেমা শুধু গল্প বলার মাধ্যম নয়, সমাজের চোখ এড়িয়ে যাওয়া বিষয়গুলি তুলে ধরার সাহসও। জাতপাত, সামাজিক বৈষম্য, ধর্মীয় আধিপত্য এবং পিছিয়ে পড়া মানুষের বঞ্চনা, গত পাঁচ দশক ধরে তাঁর ছবিতে বারবার উঠে এসেছে এই বিষয়গুলি। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ গোয়ার কলা অ্যাকাডেমিতে আয়োজিত ‘In Conversation’ অনুষ্ঠানে এই ভাবনাগুলিই উঠে আসে। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘The Moral Universe of Parallel Cinema : 50 Years of Girish Kasaravalli’।
১৯৭৭ সালে ‘ঘটশ্রাদ্ধ’ ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর ‘তবারানা কথে’, ‘থাই সাহেবা’ এবং ‘দ্বীপা’-র মতো প্রশংসিত ছবি তৈরি করেছেন তিনি। ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই বিশিষ্ট কন্নড় চলচ্চিত্র পরিচালক বাণিজ্যিক ও শিল্পধর্মী সিনেমার প্রচলিত বিভাজন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, প্রতিটি ছবির মধ্যেই কোনও না কোনও আদর্শ বা দৃষ্টিভঙ্গি থাকে। তিনি বলেন, “শুধু বিনোদন বলে কিছু হয় না। বিনোদনের মধ্যেও রাজনৈতিক ভাবনা থাকে।” তাঁর বক্তব্য, চলচ্চিত্র নির্মাতারা তাঁদের ছবির মাধ্যমে সমাজের প্রচলিত ভাবনাকে সমর্থন করেন অথবা তার বিরোধিতা করেন।
নতুন কন্নড় সিনেমার বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নিজস্ব চলচ্চিত্রের ভাষা তৈরি করা জরুরি। অন্যের তৈরি কাঠামো অনুসরণ করে তা সম্ভব নয়। তাঁর কথায়, “ছবির ওপর বাইরে থেকে নির্মাণশৈলী চাপিয়ে দেওয়া যায় না। ছবির বিষয়বস্তু থেকেই তার নিজস্ব ধরন তৈরি হয়।” গল্প বলার নিজস্ব ভাবনা ব্যাখ্যা করে তিনি বলেন, “গল্পের কাহিনির চেয়ে গল্পটি কীভাবে দেখা হচ্ছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।” সমাজের পিছিয়ে পড়া মানুষকে আলাদা করে রাখা ও তাঁদের প্রান্তিক করে দেওয়ার প্রবণতাকে নিজের ছবির অন্যতম প্রধান বিষয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষে নিজস্ব সংস্কৃতি ও পরিচয় ধরে রাখার আবেদন জানান গিরিশ কাসারাভাল্লি। তিনি জুলিও গার্সিয়া এস্পিনোসার ‘ইমপারফেক্ট সিনেমা’ বা ‘অসম্পূর্ণ সিনেমা’র ভাবনার উল্লেখ করেন। তাঁর মতে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের অন্যের মাপকাঠিতে নিজেদের বিচার না করে নিজস্ব সংস্কৃতি ও দৃশ্যভাবনার ওপর আস্থা রাখা উচিত। তিনি বলেন, “অন্যের মাপকাঠিতে আমাকে নিখুঁত হতে হবে কেন? নিজের পরিবেশ ও সংস্কৃতির প্রতি আমার দায়বদ্ধ থাকা উচিত।”
এই আলোচনা পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমায় গিরিশ কাসারাভাল্লির অবদানের নানা দিক তুলে ধরে। তাঁর ছবি প্রচলিত ধারণাকে প্রশ্ন করেছে, সামাজিক বৈষম্য নিয়ে কথা বলেছে এবং মানুষের মর্যাদা ও বিবেকের নানা দিক তুলে ধরেছে। তাঁর বক্তব্যে আরও একবার উঠে আসে, ভারতের নানা সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্য থেকেই ভারতীয় সিনেমার নিজস্ব পরিচয় তৈরি হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক, সমালোচক ও লেখক নমন রামচন্দ্রন।
IFFILOID পড়ুন :http://https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/AS